ইউক্রেইনের শস্যবন্দরে রুশ হামলা চলছে, চলল জাহাজ জব্দের মহড়াও
ইউক্রেইনকে হুমকি দেওয়ার পর জাহাজে রকেট ছোড়ার মহড়ার পাশাপাশি জাহাজ আটকের মহড়া চালানোর কথাও জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয়।
ইউক্রেইনের শস্য রপ্তানি বন্দরগুলোতে শুক্রবার চতুর্থ দিনের মতো চলছে রাশিয়ার হামলা। একইসঙ্গে কৃষ্ণ সাগরে জাহাজ জব্দের মহড়াও চালিয়েছে রাশিয়া।
শস্য চুক্তি থেকে রাশিয়া সরে যাওয়ার পর ইউক্রেইন তাদের শস্য রপ্তানি বন্দরগুলোতে রুশ নৌ অবরোধ না মানার দৃঢ়সংকল্প নেয়। এরপরই ইউক্রেইনের শস্যবন্দরগুলোতে সরাসরি হামলা শুরু করে রাশিয়া।
আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার টেলিগ্রামে বলেছেন, “দুর্ভাগ্যবশত, ওদেসার শস্য উৎপাদন এলাকার শস্য টার্মিনালগুলোতে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে ১০০ টন মটর এবং ২০ টন বার্লি ধ্বংস হয়েছে।”
দুইজন আহতও হয়েছে বলে জানান তিনি। জরুরি পরিষেবা মন্ত্রণালয়ের প্রকাশ করা ছবিতে শস্যর গুদাম জ্বলতে দেখা গেছে। ক্ষতিগ্রস্ত হওয়া একটি অগ্নিনির্বাপণ গাড়িও দেখা গেছে।
শস্যবন্দরগুলোতে হামলাকে রাশিয়া ক্রাইমিয়ার কের্চ সেতুতে হামলার বদলা আখ্যা দিয়েছে। ইউক্রেইনের কৃষ্ণসাগরের এই উপদ্বীপ ২০১৪ সালে দখল করে নিয়েছিল মস্কো।
ইউক্রেইন এই উপদ্বীপকে আবার নিজেদের দখলে ফেরানোর পরিকল্পনার কথা বারবারই বলে আসছে। সেতুটিতে হামলাকে রাশিয়া সন্ত্রাসী তৎপরতা আখ্যা দিয়ে এর পাল্টা জবাবের হুমকিও দেয়। তারপরই শুরু হয় কৃষ্ণ সাগরে ইউক্রেইনের বন্দরনগরীগুলোতে হামলা।
এর মধ্যেই রাশিয়া গত বুধবার নতুন হুমকি দিয়ে বলেছে, কৃষ্ণ সাগরে অবস্থিত ইউক্রেইনের বন্দরগুলোর দিকে যাত্রা করা জাহাজগুলোকে তারা সামরিক নিশানা হিসাবে বিবেচনা করবে।
এ হুমকির পর শুক্রবার মস্কো জাহাজে রকেট ছোড়ার মহড়ার কথা জানায়। একইসঙ্গে এদিন জাহাজগুলোকে আটক করার মহড়া চালানোর কথাও জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয়।
তবে ওয়াশিংটনে রাশিয়ার রাষ্ট্রদূত জাহাজে হামলার কোনও পরিকল্পনা থাকার কথা অস্বীকার করেছেন।
