২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এয়ার ইনডিয়া: রেকর্ড বিমান কেনার চুক্তি বদলে দেবে ব্যবসা

নতুন মালিকানায় এয়ার ইনডিয়া কীভাবে বিমান পরিবহন খাতকে বদলে দিতে যাচ্ছে, তা তুলে ধরা হয়েছে বিবিসির এক বিশ্লেষণী প্রতিবেদনে।

এয়ার ইনডিয়া: রেকর্ড বিমান কেনার চুক্তি বদলে দেবে ব্যবসা

দীর্ঘ ৬৮ বছর পর ২০২১ সালে ২৪০ কোটি ডলারে আবারও পুরোনো মালিক টাটার কাছে ফেরে এয়ার ইনডিয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2023, 10:52 PM

Updated : 15 Feb 2023, 10:52 PM

এয়ারবাস ও বোয়িং থেকে একবারে ৪৭০টি উড়োজাহাজ কেনার অর্ডার চূড়ান্ত করেছে ভারতের বিমান পরিবহন সংস্থা এয়ার ইনডিয়া, যা এভিয়েশন ব্যবসার ইতিহাসে একটি রেকর্ড। 

এমন এক সময় এয়ার ইনডিয়া এই চুক্তি করল, যখন এ এয়ারলাইনসটি এর মালিক টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখরণের ভাষায় ‘একটি বিশ্ব মানের বিমান পরিবহন সংস্থা’ হিসেবে আবির্ভূত হওয়ার পথে চলতে শুরু করেছে। 

নতুন মালিকানায় এয়ার ইনডিয়া কীভাবে বিমান পরিবহন খাতকে বদলে দিতে যাচ্ছে, তা তুলে ধরা হয়েছে বিবিসির এক বিশ্লেষণী প্রতিবেদনে। 

এর আগে ২০১১ সালে আমেরিকান এয়ারলাইনস একসঙ্গে সর্বোচ্চ ৪৬০টি উড়োজাহাজ কেনার অর্ডার দিয়েছিল, যা ভেঙে দিল এয়ার ইনডিয়া। নতুন এসব উড়োজাহাজ এয়ার ইনডিয়ার বহরকে আধুনিক করবে এবং ‘নাটকীয়ভাবে’ এর নেটওয়ার্কের বিস্তৃতি ঘটাবে বলে চন্দ্রশেখরণ।

ভারতের জাতীয় পতাকাবাহী এই বিমান পরিহন সংস্থাকে দুই বছর আগে লোকসানের ‍মুখে বেসরকারি মালিকানায় ছেড়ে দেয় দেশটির সরকার। টাটা গ্রুপ এয়ার ইনডিয়াকে কিনে নেওয়ার পরপরই পাঁচ বছর মেয়াদী আধুনিকায়নের পরিকল্পনা সাজায় এবং এর বেশিরভাগ পুরোনো উড়োজাহাজকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেয়। এ বছরের শেষ নাগাদ সেই পরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে। 

বিশেষজ্ঞরা বলছেন, নতুন উড়োজাহাজ কেনার অর্ডারের এই বিশালত্ব ভারতের প্রতিযোগিতাপূর্ণ বাজারে শীর্ষস্থান দখল করার পাশাপাশি বিশ্ব বাজারে এয়ার ইনডিয়ার কৌশলগতভাবে এগিয়ে থাকার মত একটি অবস্থান সৃষ্টি করারই ইংগিত দিচ্ছে। 

বিমান পরিবহন খাতের বিশ্লেষক মার্ক মার্টিন বলেন, বিমান কেনার এই অর্ডার এয়ার ইনডিয়ার বহরের সক্ষমতা তো বাড়াবেই, সেই সঙ্গে লুফথানসা (জার্মানির এয়ারলাইনস) ও সিঙ্গাপুর এয়ারলাইনসের সক্ষমতা জোরদার করতেও সরাসরি ভূমিকা রাখবে। এরা সবাই স্টার এলায়েনসের অংশীদার, যা বিশ্বের বৃহত্তম এয়ারলাইনস জোট।

“আমার মনে হচ্ছে, উপসাগরীয় দেশগুলোর বিমান পরিবহন সংস্থাগুলোর আধিপত্য ঠেকানোর একটা বড় পরিকল্পনার অংশ এটা, যারা স্টার এলায়েন্সের বড় প্রতিদ্বন্দ্বী।”

বর্তমানে ভারতীয় ভ্রমণকারীরা বিদেশ ভ্রমণের ক্ষেত্রে, বিশেষ করে ইউরোপ, যুক্তরাষ্ট্র ও বিশ্বের অন্যান্য অংশে যাতায়াতে এমিরেটস, কাতার এয়ারওয়েজ, ইতিহাদ ও অন্যান্য মধ্যপ্রাচ্যভিত্তিক বিমান পরিবহন সংস্থাগুলোর ওপর নির্ভরশীল। এয়ার ইনডিয়ার নতুন বহর মাঠে নামলে সেই চিত্র বদলে যেতে পারে বলে মার্ক মার্টিনের ধারণা। 

এ৩৫০ এর মত চওড়া উড়োজাহাজ বিমান বহরে যুক্ত করার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার মত বাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি হবে এয়ার ইনডিয়ার সামনে, যেখানে বিপুল সংখ্যক প্রবাসী ভারতীয়র বসবাস। এ ধরনের উড়োজাহাজ দিয়ে ভারত থেকে এসব দেশের গন্তব্যে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে পারবে এয়ার ইনডিয়া। প্রবাসী ভারতীয়দের কাছে এগুলো খুবই আকর্ষণীয় রুট। 

ভারতকেন্দ্রিক বিমান পরিবহন খাতের ওয়েবসাইট লাইভফ্রমএলাউনজ ডটকমের প্রতিষ্ঠাতা অজয় আওতানি বলেন, উপসাগরীয় বিমান সংস্থাগুলোর একচেটিয়া ব্যবসাকে চ্যালেঞ্জ জানানো সহজ হবে না, যেহেতু তাদের ‘নিজস্ব যাত্রীগোষ্ঠী’ রয়েছে এবং টিকেটের দাম নিয়ে যুদ্ধে নামার সামর্থ্যও আছে।

Image

বড় সংখ্যায় যাত্রী ব্যবস্থাপনার পর্যাপ্ত সক্ষমতা এখনও ভারতের হয়নি।

বছরের পর বছর ধরে অপরিষ্কার কেবিন, নষ্ট এন্টারটেইনমেন্ট সিস্টেম ও ভাঙা চার্জিং পয়েন্ট নিয়ে যাত্রীদের অভিযোগে নিমজ্জিত এয়ার ইনডিয়া। নতুন বিমান বহর মাঠে নামানোর পর গ্রাহকরা একটি ‘উন্নততর অভিজ্ঞতা’ পেলেও জনবল সংকট ও প্রশিক্ষিত কর্মীর অভাব পূরণ করা এ এয়ারলাইন্সের জন্য একটি বাধা হয়ে উঠতে পারে বলে ধারণা করছেন অজয় আওতানি। 

টাটাদের হাতে গড়ে তোলা এয়ার ইনডিয়া ১৯৫০ সালে জাতীয়করণের আগে বিশ্বজুড়ে বিমান পরিবহন সেবা খাতে একটি আন্তর্জাতিক মান নির্দেশক এয়ারলাইনস হিসেবে পরিচিতি পেয়েছিল। 

কিন্তু সরকারের পরিচালনায় থাকার সময় ধারাবাহিক অব্যবস্থাপনা, দেনার দায় ও হারানো গৌরব পুনরুদ্ধারের ব্যর্থ চেষ্টার পর এই বিমান পরিবহন সংস্থাকে আবারও টাটাদের হাতেই তুলে দেওয়া হয়। দীর্ঘ ৬৮ বছর পর ২০২১ সালে ২৪০ কোটি ডলারে আবারও পুরোনো মালিকানায় ফেরত আসে এয়ার ইনডিয়া। 

এয়ার ইনডিয়ার সাবেক নির্বাহী পরিচালক জিতেন্দ্র ভার্গভ বিবিসিকে বলেন, “এই অর্ডারগুলো এয়ার ইনডিয়া নিয়ে সমালোচনাগুলোকে ঝেড়ে ফেলতে সাহায্য করবে। সরকারের মালিকানায় থাকা অবস্থায় এই বিমান পরিবহন সংস্থার সম্ভাবনাকে আমলে নেওয়া হয়নি।” 

বিশেষজ্ঞরা বলছেন, এ৩৫০ এর মত পঞ্চম প্রজন্মের আধুনিক উড়োজাহাজ দিয়ে যাত্রী পরিবহনের সত্যিকারের সুবিধা তুলে আনতে হলে এয়ার ইনডিয়াকে কার্যকরভাবে এই বিমান বহর চালনার জন্য সফটওয়্যার ব্যবস্থা, রক্ষণাবেক্ষণ ও মানবসম্পদসহ সার্বিক পরিচালনা কার্যক্রমে আমূল সংস্কারের মধ্যে দিয়ে যেতে হবে। 

মার্ক মার্টিন বলেন, “যদি তারা সফল হয়, তাহলে বলা যায়, অনেক বছর পর, তারা ভারতের অনন্য বৈশিষ্ট্যকে আরেকবার বিশ্ব দরবারে তুলে ধরবে।” 

অজয় আতওয়ানি বলেন, বিশ্বজুড়ে প্রভাব ফেলতে হলে এয়ার ইনডিয়াকে ভারতের বাইরের যাত্রীদের দিকেও মনোযোগী হতে হবে এবং আরও বেশি ‘কানেকটিং ট্রাফিক’ যোগাড় করতে হবে। আর সেজন্য এই বিমান পরিবহন সংস্থাকে এর ‘রুট অপটিমাইজেশন’ করতে হবে এবং ভারতের অবকাঠামোও উন্নত করতে হবে।

বিবিসি লিখেছে, এই শীতেও দিল্লি ও মুম্বাইয়ের বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘ সময় লম্বা লাইনে দাঁড়িয়ে ইমিগ্রেশনে অপেক্ষা করতে হয়েছে। এই অভিজ্ঞতা থেকে বলা যায়, বড় সংখ্যায় যাত্রী ব্যবস্থাপনার পর্যাপ্ত সক্ষমতা এখনও ভারতের হয়নি। 

অথচ প্রদেশগুলোর অবকাঠামো উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে আগামী পাঁচ বছরে সেখানে অন্তত ৮০টি নতুন বিমানবন্দর নির্মাণ করা হবে । 

মহামারী পরবর্তী সময়ে ভারতের বিমান পরিবহন খাত বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে। সরকারি তথ্য বলছে, বছর-ভিত্তিক হিসাবে সেখানে দেশের ভেতরে যাত্রী পরিবহন বেড়েছে ৪৮ দশমিক ৯ শতাংশ। ২০২২ সালে ১২ কোটি ২০ লাখের বেশি যাত্রী অভ্যন্তরীণ ফ্লাইটে ভ্রমণ করেছেন। 

সেন্টার ফর এশিয়া প্যাসেফিক এভিয়েশন (সিএপিএ) ইনডিয়ার তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বিমান পরিবহন বাজারের প্রবৃদ্ধির বড় ‘চলক’ হিসেবেও ভূমিকা রাখতে যাচ্ছে ভারত। সেদেশের বিমান পরিবহন সংস্থাগুলো আগামী দুই বছরে ১৫০০ থেকে ১৭০০টি উড়োজাহাজ কেনার অর্ডার দিতে যাচ্ছে।