২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা বাড়াতে লাক্ষাদ্বীপে তৈরি হচ্ছে ভারতের নতুন নৌঘাঁটি

ভারত মহাসাগরে নজরদারি আরও জোরদার করার ভাবনা থেকেই এ পরিকল্পনা। ঘাঁটিটি থেকে মালদ্বীপ সংলগ্ন সাগরে নজর রাখা সম্ভব হবে।

নিরাপত্তা বাড়াতে লাক্ষাদ্বীপে তৈরি হচ্ছে ভারতের নতুন নৌঘাঁটি

ছবি: রয়টার্স।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2024, 09:46 PM

Updated : 03 Mar 2024, 09:46 PM

মালদ্বীপের সঙ্গে সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই এবার নিরাপত্তা বাড়াতে লাক্ষাদ্বীপে নতুন নৌঘাঁটি বানানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত।

গত মাসের শুরুর দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফরের পরই নতুন এই পদক্ষেপ নিচ্ছে দিল্লির প্রতিরক্ষামন্ত্রণালয়।

ভারত মহাসাগরে নজরদারি আরও জোরদার করার ভাবনা থেকেই লাক্ষাদ্বীপে নতুন নৌঘাঁটি তৈরির এ পরিকল্পনা। ৬ মার্চেই নৌবাহিনী এ পরিকল্পনা ঘোষণা করবে।

লাক্ষাদ্বীপের মিনিকয় দ্বীপে প্রাথমিক ভাবে আইএনএস ‘জটায়ু’ রণতরী মোতায়েন করা হবে। পরে এই তরীকে কেন্দ্র করে গড়ে তোলা হবে ‘আইএনএস জটায়ু’ নৌঘাঁটি।

ঘাঁটিটি থেকে মালদ্বীপ সংলগ্ন সাগরে নজর রাখা সম্ভব হবে। প্রাথমিক ভাবে ‘জটায়ু’তে হাতেগোনা কয়েক জন নৌ কর্মকর্তা ও কর্মীকে পাঠানো হবে। সময়ের সঙ্গে সঙ্গে এর পরিধি বাড়বে।

লাক্ষাদ্বীপের সবচেয়ে দক্ষিণের দ্বীপ মিনিকয়। মালাক্কা প্রণালী এবং এডেন উপসাগর ও হরমুজ প্রণালীর মধ্য দিয়ে চলে যাওয়া বাণিজ্যপথের দুপাশজুড়ে এই দ্বীপের অবস্থান।

সেখানে নৌঘাঁটি হলে ভারতের নৌবাহিনীর আভিযানিক ক্ষমতা আরও বাড়বে। “পশ্চিম আরব সাগরে জলদস্যু-বিরোধী এবং মাদক-বিরোধী অভিযান আরও ভালভাবে পরিচালনা করতে পারবে ভারতের নৌবাহিনী”, এক বিবৃতিতে নৌবাহিনী একথা বলেছে।

লাক্ষাদ্বীপের কাভারত্তিতে ভারতের এরই মধ্যে একটি ঘাঁটি রয়েছে।