২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে ইরানের ‘বেপরোয়া’ ক্ষেপণাস্ত্র হামলার নিন্দায় যুক্তরাষ্ট্র

ইরাকও এই হামলাকে তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে।

ইরাকে ইরানের ‘বেপরোয়া’ ক্ষেপণাস্ত্র হামলার নিন্দায় যুক্তরাষ্ট্র

ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2024, 07:24 PM

Updated : 16 Jan 2024, 07:24 PM

ইরাকের উত্তরাঞ্চলীয় ইরবিল নগরীর কাছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলাকে এলোপাতাড়ি চালানো বেপরোয়া হামলা বলে নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

ইরানের রেভল্যুশনারি গার্ড বলেছে, ইরাকের আধা-সায়ত্ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলে তারা ইসরায়েলের গোয়েন্দা সদরদপ্তরে হামলা চালিয়েছে।

কুর্দিস্তান অঞ্চলের নিরাপত্তা পরিষদের ভাষ্যমতে, হামলায় ৪ জন নিহত এবং ৬ জন আহত হয়েছে। ইরাক এই হামলাকে তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে।

আর ইরানের হামলার দাবির বিষয়ে ইসরায়েল সরকার কোনও মন্তব্য করেনি।

ওদিকে, হোয়াইট হাউজের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র আদ্রিয়ান ওয়াটসন এক বিবৃতিতে বলেছেন, “আমরা পরিস্থিতি মূল্যায়ন করতে থাকব। কিন্তু প্রাথমিকভাবে যে আভাস পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে, হামলাটি বেপরোয়া ছিল।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরাকের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতাকে সমর্থন করে। যুক্তরাষ্ট্রের কোনও স্থাপনা বা কর্মকর্তা হামলার নিশানা হয়নি বলেও জানান তিনি।

কুর্দিস্তান অঞ্চলের সরকারের প্রধানমন্ত্রী মাসরুর বারজানি ইরবিলে ইরানের সর্বসাম্প্রতিক হামলাকে কুর্দি জনগণের বিরুদ্ধে অপরাধ বলে নিন্দা জানিয়েছেন।

ইরাকের কুর্দিস্তানের রাজধানী ইরবিলে যুক্তরাষ্ট্রের কন্স্যুলেটের কাছেই একটি আবাসিক এলাকায় হামলাটি হয়।

এক বিবৃতিতে ইরানের রেভল্যুশনারি গার্ডস বলেছে, “জায়নবাদী শাসকদের সাম্প্রতিক নৃশংসতার কারণে গার্ডসের ও প্রতিরোধ অক্ষের কমান্ডারা নিহত হয়েছে, এর জবাবে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে মোসাদের অন্যতম প্রধান গোয়েন্দা সদরদপ্তর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে।”

গত মাসে সিরিয়ায় ইসরায়েলের হামলায় ইরানের গার্ডসের এক জ্যেষ্ঠ কমান্ডারসহ তিন সদস্য নিহত হয়েছিল। সিরিয়ায় তারা সামরিক উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন। ইরান এ হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার প্রত্যয় জানিয়েছিল।