২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার সেনাকর্মকর্তা, ইরানের ব্যবসায়ীর উপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

ইউক্রেইন কর্তৃপক্ষ জানায়, রাশিয়ার ক্ষেপণাস্ত্র, গোলা এবং ড্রোন দেশটির পূর্ব ও দক্ষিণে নানা লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2022, 10:04 PM

Updated : 13 Dec 2022, 10:04 PM

ইউক্রেইন যুদ্ধে জড়িত ১২ রুশ সেনা কমান্ডার এবং রাশিয়াকে ড্রোন সরবরাহ ও সেগুলো উৎপাদন করা ইরানের ব্যবসায়ীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।

সোমবার ইউক্রেইন কর্তৃপক্ষ জানায়, রাশিয়ার ক্ষেপণাস্ত্র, গোলা এবং ড্রোন দেশটির পূর্ব ও দক্ষিণে নানা লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে।

ইরানের সরবরাহ করা ড্রোনগুলো ওইসব হামলায় বিশেষ করে ইউক্রেইনের বেসামরিক নাগরিকদের উপর হামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করে যুক্তরাজ্য।

ইউক্রেইন যুদ্ধে ইরান রাশিয়ার অন্যতম সমর্থক হয়ে উঠেছে বলে আগেই অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। তারা বলেছে, ইরান মস্কোকে কয়েকশ ড্রোন সরবরাহ করেছে।

যদিও মস্কো ও তেহরান এসব অভিযোগ অস্বীকার করেছে।

তেহরান বলেছে, তারা মস্কোকে কিছু ড্রোন সরবরাহ করেছে। কিন্তু সেগুলো ইউক্রেইন যুদ্ধ শুরু হওয়ার আগে পাঠানো হয়েছে।

আর মস্কো বলছে, তারা ইউক্রেইনে ইরান থেকে সরবরাহ করা ড্রোন ব্যবহার করছে না।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বলেন, ‘‘রুশ বাহিনী পুরো ছক কেটে ইউক্রেইনের বিভিন্ন নগরী এবং বেসামরিক মানুষদের উপর যে হামলা চালাচ্ছে তার জবাব অবশ্যই দেওয়া হবে।

‘‘ইরান সরকার নিজেদের জনগণের পরিবর্তনের ডাক শুনতে পাচ্ছে না, তারা ক্রমে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে এবং টিকে থাকার মরিয়া চেষ্টায় পুতিনের সাথে জঘন্য চুক্তি করছে।”