লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েলি জঙ্গি বিমান
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্ট পরবর্তী ৪৮ ঘণ্টার ধরে ইসরায়েলের জন্য ‘জরুরি পরিস্থিতি’ ঘোষণা করেছেন।
ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি নিচ্ছে, ইসরায়েলি সামরিক বাহিনীর এমন মূল্যায়নের পর জঙ্গি বিমান দিয়ে লেবাননে হামলা শুরু করেছে ইসরায়েল।
রোববার ভোররাতের দিকে দেওয়া এক বিবৃতিতে একথা জানিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ); খবর রয়টার্সের।
বিবৃতিতে আইডিএফ বলেছে, “আইডিএফ শনাক্ত করে, সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও রকেট ছোড়ার প্রস্ততি নিচ্ছে। এসব হুমকি মোকাবেলায় আইডিএফ লেবাননে সন্ত্রাসীদের লক্ষ্যস্থলে আঘাত হানছে।”
ইসরায়েলের গণমাধ্যমগুলো জানিয়েছে, তাদের সামরিক বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা শুরু করেছে। এ কারণে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে ফ্লাইটগুলোর ওঠানামা বন্ধ রাখা হয়েছে। স্থানীয় সময় সকাল ৭টায় ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠক করার কথা ছিল।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্ট পরবর্তী ৪৮ ঘণ্টার ধরে ইসরায়েলের জন্য ‘জরুরি পরিস্থিতি’ ঘোষণা করেছেন।
ইসরায়েলের ওয়াইনেট নিউজ জানিয়েছে, এই ঘোষণার বলে সামরিক বাহিনী ‘বেসামরিকদের জন্য নির্দেশনা জারি করতে, জমায়েতের আকার সীমিত করতে ও কাছাকাছি থাকা প্রাসঙ্গিক এলাকাগুলো বন্ধ করে দিতে পারবে’।
লেবাননের আল মায়াদিন টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, “দক্ষিণ লেবাননে ২০ মিনিটেরও বেশি সময় ধরে তীব্র সামরিক আগ্রাসন চালিয়েছে ইসরায়েল।”
ইসরায়েলি জঙ্গি বিমানগুলো দক্ষিণ লেবাননের কুনিন, বেইত ইয়াহাউন, হাদাথা, রাশাফ ও তিরি শহরের বনাচ্ছাদিত এলাকাগুলোতে হামলা চালিয়েছে, জানিয়েছে তারা।
ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, “শিগরিগই হিজবুল্লাহ ইসরায়েল রাষ্ট্রের ভূখণ্ডের দিকে রকেট এবং সম্ভবত ক্ষেপণাস্ত্র ছুড়বে।”
ইসরায়েলের জনগণের উদ্দেশে নতুন বেসামরিক প্রতিরক্ষা নির্দেশনা প্রকাশ করা হবে বলে জানিয়েছে তারা। দক্ষিণ লেবাননের বেসামরিকদের হিজবুল্লাহ যেখান থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে সেখান থেকে দূরে থাকার জন্য সতর্ক করেছে ইসরায়েলি বাহিনী।
