২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনে শান্তি প্রক্রিয়া ‘বিপন্ন’: কাতার

ইসরায়েলের যুদ্ধ অবসানে গাজা শান্তিচুক্তির পরবর্তী ধাপে জরুরি ভিত্তিতে অগ্রসর হওয়ার আহ্বান জানিয়েছন কাতারের প্রধানমন্ত্রী।

গাজায় ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনে শান্তি প্রক্রিয়া ‘বিপন্ন’: কাতার
কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল থানি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2025, 11:04 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

গাজায় ইসরায়েলের প্রতিনিয়ত চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন গোটা শান্তি প্রক্রিয়াকে ‘বিপন্ন’ করে তুলছে বলে সতর্ক করেছেন কাতারের প্রধানমন্ত্রী।

ইসরায়েলের যুদ্ধ অবসানে গাজা শান্তিচুক্তির পরবর্তী ধাপে জরুরি ভিত্তিতে অগ্রসর হওয়ার আহ্বান জানিয়ে এই সতর্কবার্তা দেন তিনি।

বুধবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের পর শান্তিচুক্তির পরের ধাপে আগানোর ওই আহ্বান জানান কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল থানি। 

তিনি বলেন, “বিলম্ব ও যুদ্ধবিরতি লঙ্ঘন গোটা প্রক্রিয়াকেই বিপন্ন করছে এবং মধ্যস্থতাকারীদের কঠিন অবস্থায় ফেলছে।” 

কাতার গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। কাতারের প্রধানমন্ত্রী বলেন, গাজায় মানবিক ত্রাণ সহায়তা অবশ্যই শর্তহীনভাবে পৌঁছতে হবে এবং চুক্তির দ্বিতীয় ধাপ অবিলম্বে শুরু করতে হবে।

গাজায় নাজুক যুদ্ধবিরতি আরও ভঙ্গুর হয়ে পড়া এবং মানবিক সংকট গভীরতর হওয়ার মধ্যে যুক্তরাষ্ট্র-কাতার সপ্তম কৌশলগত সংলাপ হয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা।

সংবাদমাধ্যমটির পরিসংখ্যানে বলা হয়, গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল অন্তত ৭৩৮ বার চুক্তি লঙ্ঘন করেছে। এতে অন্তত ৩৯৪ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ১ হাজার ৭৫ জন আহত হয়েছে।

যুক্তরাষ্ট্রে আল-জাজিরার প্রধান প্রতিবেদক অ্যালান ফিশার বলেন, যুক্তরাষ্ট্র-কাতার আলোচনায় তিনটি বিষয় প্রাধান্য পেয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধে ইসরায়েলের ওপর চাপ বাড়ানো। 

আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) গঠন নিয়েও আলোচনা হয়েছে। এই বাহিনীতে ইন্দোনেশিয়া ও তুরস্কের সেনা অন্তর্ভুক্ত করার কথা রয়েছে। 

তবে তুরস্কের ভূমিকা নিয়ে আপত্তি জানাচ্ছে ইসরায়েল। ওদিকে, গাজার মানবিক সংকটের ক্ষেত্রে কাতার যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের ওপর আরও ত্রাণ সহায়তা প্রবেশ করতে দেওয়ার জন্য চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে।

গাজা সিটিতে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সাদের হত্যাকাণ্ডের পর ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন গুরুতর পর্যায়ে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের ওই হামলা যুদ্ধবিরতির লঙ্ঘন কি না, তা তার প্রশাসন খতিয়ে দেখছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, 

হোয়াইট হাউজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কড়া বার্তা দিয়ে সতর্ক করে বলেছে, ট্রাম্প যুদ্ধবিরতিচুক্তি করেছেন, এই সাফল্যের পর তার সুনাম যেন ক্ষুন্ন করা না হয়।