২৩ অক্টোবর ২০২৬, ০৮ কার্তিক ১৪৩৩

মালয়েশিয়ার সাত রাজ্যের ১১ হাজার মানুষ বন্যাকবলিত

প্রবল বৃষ্টির কারণে দেশটির কেদাহ, কেলান্তন, পেনাং, পেরাক, পেরলিস, তেরেঙ্গানু ও সেলাঙ্গর রাজ্যে বন্যা দেখা দিয়েছে।

মালয়েশিয়ার সাত রাজ্যের ১১ হাজার মানুষ বন্যাকবলিত
থাইল্যান্ডের সীমান্তবর্তী উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য কেলান্তন সবচেয়ে বেশি বন্যা আক্রান্ত হয়েছে। ছবি: মালয় মেইল

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2025, 01:24 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

মালয়েশিয়ার সাতটি রাজ্যের ১১ হাজারেরও বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে এ পর্যন্ত কারও মৃত্যু হয়নি। 

প্রবল বৃষ্টির কারণে কেদাহ, কেলান্তন, পেনাং, পেরাক, পেরলিস, তেরেঙ্গানু ও সেলাঙ্গর রাজ্যে বন্যা দেখা দিয়েছে বলে সোমবার দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা জানিয়েছে। 

রয়টার্স লিখেছে, প্রতি বছর অক্টোবর থেকে শুরু হয়ে মার্চ পর্যন্ত চলা বর্ষাকালে মালয়েশিয়ার পুর্ব উপকূলে বন্যা একটি সাধারণ ঘটনা। প্রতি বছরই এ সময় হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হন। 

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক প্রতিবেদনে দেখা গেছে, সোমবার স্থানীয় সময় ভোর ৬টা পর্যন্ত ওই সাত রাজ্যের তিন হাজার ৮৩৯টি পরিবারের ১১০০৯ জন সদস্য বন্যাকবলিত হয়েছেন। 

থাইল্যান্ডের সীমান্তবর্তী উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য কেলান্তন সবচেয়ে বেশি বন্যা আক্রান্ত হয়েছে। বন্যায় এই রাজ্যের ৮২২৮ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন।    

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, বন্যার কারণে বাস্তুচ্যুত লোকজনের জন্য ওই সাতটি রাজ্যে ৬০টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। 

মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, উত্তরপশ্চিমাঞ্চলীয় পেরলিস রাজ্যের ওয়াং কেলিয়ান গ্রামে টানা বৃষ্টির মধ্যে রোববার একটি ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪০০ মানুষ আটকা পড়েছেন।   

রোববার রাতে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বার্নামা এক জেলা পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে জানায়, ওই লোকজন আটকা পড়লেও তারা নিরাপদ আছেন এবং উঁচু স্থানে একটি মসজিদে আশ্রয় নিয়েছেন।