ক্যাম্বোডিয়ায় নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা, সহায়তা বন্ধ
একতরফা নির্বাচনে ক্ষমতাসীন দল সিপিপি নিরঙ্কুশ জয় ঘোষণার পর যুক্তরাষ্ট্র বলেছে, গণতন্ত্র ক্ষুন্ন হওয়ার কারণেই এমন পদক্ষেপ নিয়েছে তারা।
ক্যাম্বোডিয়ায় কয়েকজন ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞার পাশাপাশি বিদেশি কিছু সহায়তা কর্মসূচি বন্ধ করেছে যুক্তরাষ্ট্র।
রোববারের একতরফা নির্বাচনে ক্ষমতাসীন দল ক্যাম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি) নিরঙ্কুশ জয় ঘোষণার পর যুক্তরাষ্ট্র বলেছে, গণতন্ত্র ক্ষুন্ন হওয়ার কারণেই এমন পদক্ষেপ নিয়েছে তারা।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেছেন, “প্রধানমন্ত্রী হুন সেনের সিপিপি দলের কোনও শক্তিশালী বিরোধী দল নির্বাচনে ছিল না। ফলে ক্যাম্বোডিয়ার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি।
“নির্বাচনের আগে ক্যাম্বোডিয়া কর্তৃপক্ষ বিরোধী রাজনৈতিক দল, গণমাধ্যম ও নাগরিক সমাজকে হুমকি দিয়েছে, হয়রানি করেছে। এতে দেশটির সংবিধানের মর্যাদা এবং আন্তর্জাতিক দায়বদ্ধতা ক্ষুণ্ন হয়েছে।”
তিনি আরও বলেন, “এর জবাবেই, যারা গণতন্ত্র ক্ষুণ্ন করেছে তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করাসহ কিছু বিদেশি সহায়তাও স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।”
ক্যাম্বোডিয়া কর্তৃপক্ষকে প্রকৃত বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার করা, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচার বন্ধ করা এবং সরকারের সমালোচকদের দোষী সাব্যস্তকরণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন মিলার।
একইসঙ্গে আন্তর্জাতিক মানদণ্ডে ক্যাম্বোডিয়ার অবস্থান উন্নীত করতে স্বাধীন গণমাধ্যমকে বিনা বাধায় কাজ করতে দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
৩৮ বছর ধরে ক্যাম্বোডিয়ার ক্ষমতায় আছেন প্রধানমন্ত্রী হুন সেন। এবারের জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগের কোনও তোয়াক্কাই করেননি তিনি।
হুন সেন তার বড় ছেলে হুন মানেটের হাতে ক্ষমতা হস্তান্তরের সুস্পষ্ট সংকেত দেওয়ার পর গত রোববার দেশটিতে নির্বাচন হয়েছে। সম্ভবত কয়েক সপ্তাহের মধ্যেই ক্ষমতা হস্তান্তর ঘটবে।
নির্বাচনে সিপিপি-র জয়ে হুন মানেটের ক্ষমতায় আসার পথ প্রশস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হুন মানেট বর্তমানে দেশটির সেনাবাহিনী প্রধান।
সিপিপি ও হুন সেনের শাসনকে চ্যালেঞ্জ জানানোর মতো একটিই নির্ভরযোগ্য রাজনৈতিক দল আছে ক্যাম্বোডিয়ায়। সেটি হচ্ছে, ক্যান্ডেললাইট পার্টি। তবে এবারের নির্বাচনে দলটি অংশ নিতে পারেনি। কারণ,গত মে মাসেই দলটিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়।
