৯২ মার্কিন সাংবাদিক-আইনজীবী-ব্যবসায়ী প্রবেশে রাশিয়ার নিষেধাজ্ঞা
নিষেধাজ্ঞার তালিকায় ওয়াল স্ট্রিট জার্নাল, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্টের সংবাদকর্মীদের নাম ছাড়াও রাষ্ট্রীয় কৌঁসুলি, মার্কিন প্রতিরক্ষা শিল্প সংস্থার কর্মী এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের নাম আছে।
রাশিয়া-বিরোধী দৃষ্টিভঙ্গির অভিযোগে যুক্তরাষ্ট্রের ৯২ জন সাংবাদিক, আইনজীবী এবং ব্যবসায়ীকে রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মস্কো। বুধবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা নিশ্চিত করে জানিয়েছে।
স্নায়ুযুদ্ধের পর থেকে ইউক্রেইন যুদ্ধ যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্কে সবচেয়ে খারাপ টানাপোড়েন সৃষ্টি করেছে। মঙ্গলবার রাশিয়া বলেছিল, পশ্চিমারা ইউক্রেইনকে রাশিয়ার অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলার অনুমতি দিয়ে আগুন নিয়ে খেলছে।
ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে প্রকাশিত রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার তালিকায় ওয়াল স্ট্রিট জার্নালের ১৪ জন সাংবাদিক, নিউ ইয়র্ক টাইমসের পাঁচজন জ্যেষ্ঠ সাংবাদিক এবং ওয়াশিংটন পোস্টের চারজন সংবাদকর্মীর নাম রয়েছে।
নিষেধাজ্ঞার এই তালিকায় বেশ কয়েকজন রাষ্ট্রীয় কৌঁসুলি, মার্কিন প্রতিরক্ষা শিল্প সংস্থার কর্মী এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের নামও রয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচ সম্প্রতি ১৬ মাস রাশিয়ায় আটক থাকার পর বন্দি বিনিময়ের মাধ্যমে মুক্তি পেয়েছেন। ওয়াল স্ট্রিট জার্নাল রাশিয়ার এই নিষেধাজ্ঞাকে ‘হাস্যকর’ বলে বর্ণনা করেছে।
তবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তারা বিশ্বমানের প্রধান কিছু সংবাদ মাধ্যমের সাংবাদিকদের ওপর নজর দিচ্ছে। কারণ তাদের বিরুদ্ধে রাশিয়ার সামরিক বাহিনী সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ আছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রাণালয় বাইডেনকে “রুশোফোবিক” আখ্যা দিয়ে বলেছে, রাশিয়া বিদ্বেষী কার্যকলাপের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এক বিবৃতিতে ওয়াল স্ট্রিট জার্নালের এক মুখপাত্র বলেন, 'পুতিন সরকার স্বাধীন গণমাধ্যমের বাকস্বাধীনতায় হস্তক্ষেপ করেছে। নিষেধাজ্ঞার এই তালিকাটি খুবই হাস্যকর।’
তবে নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্ট- এই দুটি সংবাদমাধ্যম তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হয়নি।
পশ্চিমাদের সঙ্গে বৃহত্তর লড়াইয়ের অংশ হিসেবে ইউক্রেইনে 'বিশেষ সামরিক অভিযান' চালাচ্ছে রাশিয়া। কিইভ ও পশ্চিমারা এ যুদ্ধকে প্রত্যাখ্যান করেছে।
