ইউক্রেইনের ড্রোন হামলায় রাশিয়ার সুপারসনিক বোমারু বিমান বিধ্বস্ত
ছবিতে সেন্ট পিটার্সবার্গের দক্ষিণে সোলটসি-২ বিমানঘাঁটিতে একটি টুপেলভ টিইউ-২২ জঙ্গিবিমানে আগুন লাগতে দেখা গেছে।
ইউক্রেইনের একটি ড্রোন হামলায় রাশিয়ার দূরপাল্লার একটি সুপারসনিক বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। কয়েকটি খবরে একথা বলা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এবং বিবিসি-র যাচাইকৃত ছবিতে দেখা গেছে, সেন্ট পিটার্সবার্গের দক্ষিণে সোলটসি-২ বিমানঘাঁটিতে একটি টুপেলভ টিইউ-২২ জঙ্গিবিমানে আগুন লেগেছে।
টিইউ-২২ সুপারসনিক এই বিমান শব্দের দ্বিগুণ গতিতে উড়তে পারে। যুদ্ধে ইউক্রেইনের শহরগুলোতে বিমান হামলায় এই বিমানগুলো ব্যবহার করে আসছে রাশিয়া।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, একটি কপ্টার-শ্রেণির ইউএভি হামলা হয়েছে। এটিকে শনাক্ত করে হালকা অস্ত্রের আঘাত হানা হয়। এতে একটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ‘সন্ত্রাসী হামলায়’ কেউ হতাহত হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, বিমানঘাঁটির পার্কিং লটেও আগুন লেগেছিল। পরে তা দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে।
তবে স্যোশাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে একটি যুদ্ধবিমান ঘিরে ব্যাপক আগুনের কুণ্ডলী দেখতে পাওয়া গেছে। বিমানের সামনের অংশটি টিইউ-২২ এর বৈশিষ্ট্যমণ্ডিত। বিবিসি ছবিগুলো যাচাই করে বিশ্বাসযোগ্য বলেই মানছে।
একটি যুদ্ধবিমান ধ্বংস যদিও রাশিয়ার শক্তিশালী বিমান বহরের ওপর খুব বেশি প্রভাব ফেলবে না। তবে এই ড্রোন হামলা প্রমাণ করছে, রাশিয়ার ভূখণ্ডের অনেক ভেতরে হামলা চালাতে দিন দিনই আরও সক্ষম হয়ে উঠছে কিইভ।
