১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিদেশে গ্রেপ্তার হলে আমাকে ইসরায়েলের বিশেষ বাহিনী উদ্ধার করবে: নেতানিয়াহু

আইসিসি পরোয়ানায় বিদেশে আটক হলে বিশেষ ইসরায়েলি ইউনিটকে উদ্ধারের দায়িত্ব দেওয়া হতে পারে বলে এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।

বিদেশে গ্রেপ্তার হলে আমাকে ইসরায়েলের বিশেষ বাহিনী উদ্ধার করবে: নেতানিয়াহু
বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2026, 05:46 PM

Updated : 11 Sep 2026, 03:46 PM

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইউরোপের কোনও দেশ তাকে গ্রেপ্তার করলে ইসরায়েলের বিশেষ বাহিনী অভিযান চালিয়ে উদ্ধার করে আনবে। 

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু একথা বলেন। 

ইসরায়েলের বিশেষ সামরিক বাহিনীতে নিজের অতীত অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমি এতে পাঁচ বছর কাজ করেছি। এবার না হয় তাদের নতুন একটি মিশন দেওয়া যাক।” 

বিদেশে আটক করা হলে বিশেষ এই ইউনিটকে তাকে উদ্ধারের দায়িত্বে দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেন নেতানিয়াহু।

গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার প্রেক্ষাপটে তার এই মন্তব্য সামনে এল।

আইসিসি-র মূল ভিত্তি 'রোম সংবিধি' অনুযায়ী, চুক্তিভুক্ত সদস্য রাষ্ট্রগুলোর জন্য আদালতের পরোয়ানা কার্যকর করা সাধারণত বাধ্যতামূলক, যদিও এই বাধ্যবাধকতা বাস্তবায়ন নিয়ে আইনি ও রাজনৈতিক বিতর্ক রয়েছে। 

এর আগে ইউরোপের একাধিক সরকার স্পষ্টভাবে জানিয়েছে, নেতানিয়াহু তাদের ভূখণ্ডে পা রাখলে তারা আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা অনুযায়ী তাকে গ্রেপ্তারে পদক্ষেপ নেবে।

তবে এ ধরনের উদ্ধার অভিযান কীভাবে পরিচালনা করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি নেতানিয়াহু। 

সংশ্লিষ্ট দেশের অনুমতি ছাড়া অন্য কোনো স্বাধীন রাষ্ট্রের ভূখণ্ডে সরাসরি সামরিক অভিযান চালানো হলে তা আন্তর্জাতিক আইনের আওতায় বড় ধরনের আইনি প্রশ্ন তুলবে এবং গুরুতর কূটনৈতিক সংঘাত ডেকে আনবে।

গাজায় হত্যাযজ্ঞ চালানোর জেরে নেতানিয়াহু যখন আন্তর্জাতিক অঙ্গনে তীব্র নজরদারি ও সমালোচনার মুখে রয়েছেন এবং আইসিসি-র পদক্ষেপ নিয়ে বিভিন্ন দেশে নানা প্রতিক্রিয়া চলছে, তখনই ইসরায়েলি প্রধানমন্ত্রীর এমন বক্তব্য সামনে এল।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, আইসিসি-র গ্রেপ্তারি পরোয়ানার কারণে নেতানিয়াহুর বিদেশ সফর ইতোমধ্যে জটিল হয়ে পড়েছে। 

যেসব দেশে গেলে পরোয়ানা কার্যকরের আইনি ঝুঁকি রয়েছে, সেসব সফর এড়াতে তাকে অত্যন্ত সতর্কতার সঙ্গে আন্তর্জাতিক গন্তব্য নির্বাচন করতে হচ্ছে।