২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের বন্দরে উত্তর কোরিয়া-রাশিয়ার অস্ত্র পরিবহনকারী জাহাজ

ইউক্রেইন যুদ্ধে রাশিয়াকে চীনের দেওয়া সমর্থন নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ বাড়ার মধ্যে সামনে এসেছে ঝেজিয়াং প্রদেশে এ জাহাজ নোঙর করে থাকার স্যাটেলাইট ছবি।

চীনের বন্দরে উত্তর কোরিয়া-রাশিয়ার অস্ত্র পরিবহনকারী জাহাজ

ছবি: রয়টার্স।

রয়টার্স

Published : 25 Apr 2024, 08:56 PM

Updated : 25 Apr 2024, 11:59 PM

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কবলিত রুশ পণ্যবাহী একটি জাহাজকে বন্দরে ভিড়িয়ে সুরক্ষা দিচ্ছে চীন। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা স্যাটেলাইট চিত্রে চীনের একটি শিপইয়ার্ডে নোঙর করে থাকতে দেখা গেছে ওই জাহাজকে, যাতে করে উত্তর কোরিয়ার অস্ত্র যায় রাশিয়ায়।

ইউক্রেইন যুদ্ধে রাশিয়াকে চীনের দেওয়া সমর্থন নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ বাড়তে থাকার মধ্যে সামনে এল এই চিত্র।

ব্রিটেনের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইন্সটিটিউট (আরইউএসআই) থিংকট্যাংক বলেছে, রুশ জাহাজ আঙ্গারা ২০২৩ সালের অগাস্ট থেকে রাশিয়ার বন্দরে হাজার হাজার কন্টেইনারে করে উত্তর কোরিয়ার গোলাবারুদ সরবরাহ করেছে বলে ধারণা করা হয়।

জাহাজটিকে গত ফেব্রুয়ারি থেকে চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের শিপইয়ার্ডে নোঙর করে থাকতে দেখা গেছে। চীনের বন্দরে এ জাহাজের উপস্থিতি যুক্তরাষ্ট্র এবং এর মিত্রদেশগুলোর জন্য চ্যালেঞ্জকেই সামনে নিয়ে এসেছে, যারা রাশিয়ার প্রতি সামরিক এবং অর্থনৈতিক সমর্থনের রাশ টেনে ধরার চেষ্টায় আছে।

ইউক্রেইন বার বার নতুন করে রাশিয়ার হামলার শিকার হচ্ছে। তাদের গোলাবারুদেও ঘাটতি দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সতর্ক করে বলে আসছেন, ইউক্রেইন যুদ্ধে রাশিয়া প্রথমদিকে বিপত্তির মুখে থাকলেও উত্তরোত্তর চীনের সাহায্য পেয়ে রুশ সেনাবাহিনীতে নতুন শক্তি সঞ্চার হচ্ছে।

চীনের এই সমর্থনের বিষয়টি এ সপ্তাহে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের বেইজিং সফরকালে আলোচনায় প্রাধান্য পাবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদপ্তরের এক কূটনীতিক এমাসে বলেছেন, চীন রাশিয়াকে আরও বেশি সমর্থন দিতে শুরু করলে ওয়াশিংটন চুপ করে বসে থাকবে না।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদপ্তরের এক মুখপাত্র বলেছেন, তারা উন্মুক্ত বিশ্বাসযোগ্য সূত্র থেকে পাওয়া খবরের ভিত্তিতে জানতে পেরেছে যে, জাহাজ আঙ্গারা সম্প্রতি চীনের একটি বন্দরে নোঙর করা আছে এবং বিষয়টি চীন কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হয়েছে।

ওই কর্মকর্তা বলেন, “আমরা জাতিসংঘ প্রস্তাবনা ‘ইউএনএসসিআর ২৩৯৭’ এর আওতায় সব সদস্য রাষ্ট্রকে তাদের আইনি বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানাচ্ছি। এ প্রস্তাবনায় উত্তর কোরিয়ার সঙ্গে বাণিজ্যে কড়াকড়ি আরোপ করা হয়েছে এবং অবৈধ কার্যকলাপে জড়িত যে কোনও জাহাজকে নিবন্ধন তালিকা থেকে বাদ দিতে বলা হয়েছে জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোকে।”

সম্প্রতি কয়েকমাসে সান-ফ্রান্সিসকো ভিত্তিক আর্থ ইমেজিং ফার্ম প্ল্যানেট ল্যাবস পিবিসিসহ অন্যান্য কোম্পানি থেকে পাওয়া আরইউএসআই স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, আঙ্গারা ঝেজিয়াংয়ের ঝুশান সিনিয়া শিপইয়ার্ডে নোঙর করে আছে। শিপইয়ার্ডটির ওয়েবসাইটের তথ্যমতে, এটি চীনের সবচেয়ে বড় বেসরকারি জাহাজ মেরামত কোম্পানি।

জাহাজটিকে এর অনন্য স্বয়ংক্রিয় শনাক্তকরণ সিস্টেম (এআইএস) ট্রান্সপন্ডার দিয়ে চিহ্নিত করা হয়েছে, যেটি সম্ভবত নিরাপত্তার কারণে, চীনে যাওয়ার পথে কোরিয়া প্রণালীর একটি ব্যস্ত পথ পাড়ি দেওয়ার সময় কিছু সময়ের জন্য চালু হয়ে গিয়েছিল।

ব্রিটেনের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইন্সটিটিউট (আরইউএসআই) বলেছে, গত ৯ ফেব্রুয়ারিতে আঙ্গারা মেরামতি এবং রক্ষণাবেক্ষণের জন্য চীনে পৌঁছার আগে, জানুয়ারিতে এই জাহাজ ট্রান্সপন্ডার বন্ধ রেখে উত্তর কোরিয়া এবং রাশিয়ার বন্দরে নোঙর করেছিল। চীনে পৌঁছানোর পর এই ট্রান্সপন্ডার আবার বন্ধ রাখা হয়।

যুক্তরাষ্ট্র ২০২২ সালের মে মাসে এই জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। এরপরও ২০২৩ সালের অগাস্ট থেকে জাহাজটি উত্তর কোরিয়ার রাজিন বন্দর এবং রাশিয়ার বন্দরের মধ্যে অন্তত ১১ টি ডেলিভারি করেছে বলে জানিয়েছে আরইউএসআই।