খালিস্তানপন্থি নেতা পান্নুনকে হত্যার চক্রান্ত নস্যাৎ, ভারতকে সতর্ক করল যুক্তরাষ্ট্র
‘দ্য ফিন্যান্সিয়াল টাইমস’ পত্রিকা বিষয়টির সঙ্গে সংশ্লিষ্টদের বরাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্রে খালিস্তানপন্থি শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিংহ পান্নুনকে হত্যার চক্রান্ত নস্যাৎ করেছে মার্কিন কর্তৃপক্ষ। এ চক্রান্তে নয়াদিল্লি জড়িত থাকতে পারে আশঙ্কায় ভারতকে সতর্কও করে দিয়েছে যুক্তরাষ্ট্র।
‘দ্য ফিন্যান্সিয়াল টাইমস’ পত্রিকা বুধবার বিষয়টির সঙ্গে সংশ্লিষ্টদের বরাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়টি নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি।
সম্প্রতি ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভের কারণে ষড়যন্ত্রকারীরা তাদের হত্যা পরিকল্পনা বাতিল করেছে, নাকি মার্কিন ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআই খালিস্তানি ওই নেতাকে হত্যার চক্রান্ত ব্যর্থ করেছে- সংশ্লিষ্ট মহল তা জানাতে পারেনি বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ‘দ্য ফিন্যান্সিয়াল টাইমস’।
বানচাল করা এই চক্রান্তে হত্যার নিশানা গুরপতবন্ত সিংহ পান্নুন ছিলেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। যার বিরুদ্ধে সোমবারেই এয়ার ইন্ডিয়াকে হুমকি দেওয়ার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)।
প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী গত জুনে রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্র যাওয়ার পর সেখানে নয়াদিল্লির বিরুদ্ধে বিক্ষোভ হয়েছিল। সেই জুন মাসেই কানাডার ভ্যাঙ্কুভারে আরেক শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জার খুন হয়েছিলেন।
কানাডা সরকার নিজ্জার হত্যাকাণ্ডে ভারতীয় চরদের জড়িত থাকার অভিযোগ করেছিল। তবে ভারত এসব অভিযোগ প্রত্যাখ্যান করে তা অযৌক্তিক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করে। এ নিয়ে দু’দেশের সম্পর্ক তিক্ত হয়।
ভারত-কানাডা সম্পর্ক তলানিতে ঠেকার দু’মাস পরই পান্নুন হত্যা চক্রান্ত নিয়ে ফিন্যান্সিয়াল টাইমসের এই প্রতিবেদন প্রকাশিত হল। এতে আরও বলা হয়েছে, ভারতকে কূটনৈতিক সতর্কবার্তা দেওয়া ছাড়াও, মার্কিন ফেডারেল কৌঁসুলিরা নিউ ইয়র্ক জেলা আদালতে অন্তত একজন সন্দেহভাজনের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছেন।
ফিন্যান্সিয়াল টাইমস জানায়, যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ পান্নুনকে ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করেছিলেন কিনা সে বিষয়ে তিনি কিছু বলতে রাজি হননি। তবে হত্যার চক্রান্তের খবরের বিষয়ে পান্নুন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, যুক্তরাষ্ট্রের মাটিতে ভারতীয় চক্রান্তকারীদের কাছ থেকে তার জীবনের হুমকির জন্য তিনি মার্কিন সরকারকে জবাব দিতে বলবেন।
পান্নুন বলেন, “ভারতীয় চরদের হাতে কানাডার নাগরিক হরদীপ সিং নিজ্জার কানাডার মাটিতে খুন হওয়াটা যেমন কানাডার সার্বভৌমত্বে হুমকি তেমনি আমেরিকার নাগরিককে আমেরিকার মাটিতেই হুমকি দেওয়াটাও আমেরিকার সার্বভৌমত্বের জন্য চ্যালেঞ্জ।”
গুরুপতবন্ত সিংহ পান্নুন নিষিদ্ধ খলিস্তানপন্থি সংগঠন শিখ ফর জাস্টিস (এসএফজে)-এর নেতা। ভারত এসএফজি কে ২০১৯ সালে নিষিদ্ধ ঘোষণা করে এবং এর নেতা পান্নুনকে ২০২০ সালে জঙ্গি ঘোষণা করে। যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য-সহ কয়েকটি দেশে সক্রিয় রয়েছে এসএফজে। ভারতের পাঞ্জাবে ‘স্বাধীন ও সার্বভৌম’ রাষ্ট্র গড়ার দাবি তুলেছে তারা।
এনআইএ- এর তথ্যমতে, পান্নুন যুক্তরাষ্ট্রের অধিবাসী। তার যুক্তরাষ্ট্র এবং কানাডার দ্বৈত নাগরিকত্ব রয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডায় তার সংগঠন এসএফজে- এর কার্যালয় আছে।
২০১৯ সাল থেকেই ভারতের এনআইএ-র নজরদারিতে রয়েছেন পান্নুন। ওই বছরই কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থাটি তার বিরুদ্ধে প্রথম মামলা করেছিল। তার বিরুদ্ধে হুমকি দেওয়া, পাঞ্জাব এবং ভারতের অন্যান্য অংশে সন্ত্রাস ছড়ানোর মতো অভিযোগ ছিল।
