ইউক্রেইন যুদ্ধে আগামী ৬ মাস ‘গুরুত্বপূর্ণ’: সিআইএ প্রধান
জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে এক ভাষণে ইউক্রেইন যুদ্ধের ফল নির্ধারণ নিয়ে এই ভবিষ্যদ্বাণী করেছেন মার্কিন এই গোয়েন্দা সংস্থার পরিচালক বিল বার্নস।
ইউক্রেইন যুদ্ধের ফল নির্ধারণে আগামী ছয় মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র পরিচালক বিল বার্নস।
বৃহস্পতিবার তিনি জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে এক ভাষণে এই ভবিষ্যদ্বাণী করেন বলে জানিয়েছে সিএনএন।
তিনি বলেন, “আমি মনে করি যা হতে চলেছে তা গুরুত্বপূর্ণ। কারণ, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনায় বসতে আগ্রহী হবেন- এমনটি আমাদের হিসাবের মধ্যে নেই। ফলে আমাদের কাছে মনে হচ্ছে, আগামী ছয় মাসে মূল বিষয়টি ঘটবে যুদ্ধক্ষেত্রেই।”
বার্নস আরো বলেন, “আমার ধারণা, পুতিন এখন দৃঢ়ভাবেই মনে করছেন যে, তিনি সময়কে তার অনুকূলে কাজে লাগাতে পারেন। তাই যুদ্ধের গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তন আগামী ছয় মাসে ঘটবে বলে আমাদের মনে হচ্ছে।”
এই সময়ের মধ্যে ‘পুতিনের ঔদ্ধত্য খর্ব’ হতে পারে উল্লেখ করে বার্নস বলেন, এটি স্পষ্ট হয়ে উঠবে যে, তিনি (পুতিন) ইউক্রেইনে আর অগ্রসর হতে পারবে না কেবল তাই নয়, বরং একটি একটি করে মাস অতিবাহিত হতে থাকার সঙ্গে সঙ্গে এ পর্যন্ত তার অবৈধভাবে দখল করে নেওয়া অঞ্চলগুলো হারানোর ঝুঁকি অনেক অনেক বেশি বেড়ে যাবে।”
“যুদ্ধের এই পরবর্তী অধ্যায় পুরোপুরি গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই আমি মনে করি,” বলেন তিনি।
বার্নস আরও বলেন, “পুতিন বিশ্বাস করেন, ইউরোপে রাজনৈতিক অবসাদ দেখা দিলে কিংবা যুক্তরাষ্ট্র বিভ্রান্ত হয়ে পড়লে তিনি ইউক্রেইনকে মুচড়ে ফেলতে পারবেন বা তার সেনাবাহিনী অভিযান সফল করার নতুন একটি সুযোগ পেয়ে যেতে পারে।”
গত বছর ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইউক্রেইন যুদ্ধের প্রথমদিকে ইউক্রেনের খেরসন, দোনেৎস্ক, লুহানস্ক, খারকিভসহ বেশ কিছু অঞ্চলের দখল নিয়েছিল রুশ বাহিনী।
পরে খারকিভ ও খেরসনের একাংশ পুনরুদ্ধার করে ইউক্রেইনীয় সেনারা। ভূখন্ড পুনরুদ্ধারে পশ্চিমা অস্ত্রের সহায়তায় পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেইনীয় সেনারা।
