Published : 22 Apr 2026, 08:07 PM
ইরানের অব্যাহত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলায় সৌদি আরবে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মার্কিন বিমান ঘাঁটিতে ইউক্রেইনীয় ড্রোন-প্রতিরোধ প্রযুক্তি কাজে লাগানো হয়েছে।
এ বিষয়ে অবগত পাঁচজন এ তথ্য জানিয়েছেন। তারা জানান, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে 'স্কাই ম্যাপ' নামক একটি ইউক্রেইনীয় কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল প্ল্যাটফর্ম প্রবর্তন করা হয়েছে।
রাশিয়ার সঙ্গে চার বছরের যুদ্ধে পোড় খাওয়া ইউক্রেইনের এই উন্নত প্রযুক্তি ব্যবহার করে এখন মার্কিন সেনাদের সুরক্ষা দেওয়ার চেষ্টা চলছে।
এর আগে এই প্রযুক্তি মোতায়েনের খবর কোথাও প্রকাশিত হয়নি। জানা গেছে, সম্প্রতি ইউক্রেইনের সামরিক কর্মকর্তারা ওই ঘাঁটিতে পৌঁছেছেন।
তারা ইরানি প্রযুক্তির 'শাহেদ' ড্রোনসহ অন্যান্য ড্রোন শনাক্ত করতে এবং ইন্টারসেপ্টর ড্রোনের মাধ্যমে পাল্টা হামলা চালাতে মার্কিন যোদ্ধাদেরকে ‘স্কাই ম্যাপ’ ব্যবহারের প্রশিক্ষণ দিচ্ছেন।
ইরান থেকে মাত্র ৬৪০ কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাঁটিটি যুদ্ধের শুরু থেকেই একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হচ্ছে।
এসব হামলায় বিমানের ক্ষয়ক্ষতি ও ভবন ধ্বংস হওয়া ছাড়াও অন্তত একজন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন।
বিশ্লেষকদের মতে, প্রিন্স সুলতান ঘাঁটিতে ইউক্রেইনীয় প্রযুক্তির ব্যবহার বিশ্বজুড়ে মার্কিন আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাকেই ফুটিয়ে তুলেছে।
হাডসন ইনস্টিটিউটের সিনিয়র ফেলো টিমোথি ওয়ালটন বলেন, "বিশ্বজুড়ে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় দীর্ঘদিনের ঘাটতি রয়েছে। বিষয়টি সবাই জানলেও এতদিন তা সমাধানে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।"
মজার বিষয় হল, মাত্র এক মাস আগেই মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানি ড্রোন হামলা মোকাবেলায় ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাহায্যের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন।
গত ৬ মার্চ ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, "ড্রোন প্রতিরক্ষায় তাদের সাহায্য আমাদের প্রয়োজন নেই।"
তবে ট্রাম্পের সেই বক্তব্যের এক মাস পরই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাদপ্তর পেন্টাগনের ড্রোন-প্রতিরোধী ইউনিট ইউক্রেইনীয় কোম্পানি 'স্কাই ফোর্টেস'-এর তৈরি স্কাই ম্যাপ প্রযুক্তি গ্রহণ করল।
ড্রোন প্রতিরোধী প্রযুক্তিতে বিনিয়োগ বাড়িয়েছে পেন্টাগন। তবে এ বিষয়ে হোয়াইট হাউজ বা পেন্টাগন কোনো মন্তব্য করতে রাজি হয়নি। স্কাই ফোর্টেস কিংবা জেলেনস্কির কার্যালয়ও এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।
স্কাই ম্যাপ কী?
স্কাই ম্যাপ হলো একটি ডিজিটাল ড্যাশবোর্ড বা প্ল্যাটফর্ম, যা রাডার এবং সেন্সর থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য ড্রোন হুমকি শনাক্ত করে।
২০২২ সালে ইউক্রেইনের প্রকৌশলীরা এটি তৈরি করেন। রাশিয়ার ড্রোন হামলা শনাক্ত করতে ইতোমধ্যে ইউক্রেইনজুড়ে প্রায় ১০ হাজার অ্যাকোস্টিক সেন্সর বসানো হয়েছে, যা এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত।
পেন্টাগনের ড্রোন-প্রতিরোধী ইউনিট সম্প্রতি ইরানে চালানো 'অপারেশন এপিক ফিউরি'র আওতায় ড্রোন প্রতিরক্ষা জোরদার করতে ৩৫ কোটি ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে।
তবে ইউনিটের মুখপাত্র অ্যাডাম শের জানিয়েছেন, "ড্রোন হুমকি পুরোপুরি বন্ধ করার মতো কোনো জাদুকরী অস্ত্র (সিলভার বুলেট) এখন পর্যন্ত কারও হাতে নেই।"