২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে আকস্মিক সফরে ইউক্রেইনের প্রেসিডেন্ট

গত বছর ইউক্রেইনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রথম যুক্তরাজ্য সফর করছেন জেলেনস্কি।

রয়টার্স

Published : 08 Feb 2023, 06:20 PM

Updated : 08 Feb 2023, 06:42 PM

গত বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেইনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রথম যুক্তরাজ্যে আকস্মিক সফরে গেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বিবিসি জানায়, বুধবার তিনি স্ট্যানটেড বিমানবন্দরে নামেন। এরপর প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে বৈঠক করেছেন তিনি। দিনশেষে রাজা চার্লসের সঙ্গেও জেলেনস্কির সাক্ষাৎ করার কথা রয়েছে।

সুনাকের কার্যালয় থেকে জানানো হয়েছে, জেলেনস্কি ব্রিটিশ পার্লামেন্টে ভাষণ দেবেন এবং ব্রিটিশ সেনাবাহিনীর কাছে প্রশিক্ষণরত ইউক্রেইনীয় সেনাদের দেখতে যাবেন।

১০ নং ডাউনিং স্ট্রিট থেকে ইউক্রেইনের জঙ্গি বিমানের পাইলট এবং মেরিন সেনাদের প্রশিক্ষণ শুরু করার ঘোষণাও দেওয়া হয়েছে। তাছাড়া, ইউক্রেইনকে নতুন সামরিক সাহায্য সরবরাহের প্রতিশ্রুতিও ব্রিটেন দিয়েছে।

জেলেনস্কির সফর নিয়ে এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাক বলেছেন, “প্রেসিডেন্ট জেলেনস্কির যুক্তরাজ্য সফরতার দেশের সাহসিকতা, দৃঢ়সংকল্প এবং লড়াইয়ের প্রমাণ। সেইসঙ্গে আমাদের দুই দেশের মধ্যে সুদৃঢ় বন্ধুত্বেরও প্রমাণ।”

সুনাকের কার্যালয় থেকে রাশিয়ার ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি কিইভে দ্রুত সামরিক সরঞ্জাম সরবরাহের পরিকল্পনাও জানানো হয়েছে। ব্রিটিশ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রথম অন্তর্ভুক্ত করা হচ্ছে ইউক্রেইনের বিমান বাহিনী এবং মেরিন সেনাদের।

ইউক্রেইনীয় বিমান সেনাদের অত্যাধুনিক নেটো জঙ্গি বিমান চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে। এই জঙ্গি বিমান এতদিন পর্যন্ত ইউক্রেইনকে সরবরাহ করা থেকে বিরত ছিল পশ্চিমারা। ইউক্রেইনকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে এটি পশ্চিমাদের আগের অবস্থান থেকে অনেকটাই সরে আসার লক্ষণ।

যুক্তরাজ্যে এই সফরের আগে গতবছর ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে সফর করেছিলেন জেলেনস্কি। কংগ্রেসে ভাষণ দিয়েছিলেন তিনি।

নতুন বছর শুরুর সময় থেকে ইউক্রেইনের জন্য সামরিক সহায়তার প্রতিশ্রুতি নাটকীয়ভাবে বাড়িয়েছে পশ্চিমা দেশগুলো। এর মধ্যে আছে শত শত ট্যাংক এবং সাঁজোয়া যান দেওয়ার প্রতিশ্রুতি। কিইভ এখনও দূর পাল্লার ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধবিমান চাইছে।