Published : 05 Dec 2025, 06:10 PM
গাজায় ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস বিরোধী মিলিশিয়া নেতা ইয়াসির আবু শাবাব নিহত হয়েছেন। ইসরায়েলি মিডিয়া বৃহস্পতিবার এ খবর নিশ্চিত করে জানিয়েছে।
গাজায় হামাস-বিরোধী গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়ার যে চেষ্টা ইসরায়েল চালাচ্ছিল, শাবাবের মৃত্যুকে সে চেষ্টায় এক বড় ধরনের ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।
দক্ষিণ গাজার রাফায় ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় বসবাসকারী তারাবিন বেদুইন গোত্রের নেতা আবু শাবাব ওই অঞ্চলের বিশিষ্ট কয়েকটি ছোট হামাস-বিরোধী গোষ্ঠীর নেতৃত্ব দিয়েছিলেন।
গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের মধ্যে এসব গোষ্ঠীর উত্থান ঘটে। আবু শাবাবাকে ইসরায়েলের ‘সহযোগী’হিসাবে চিহ্নিত করেছিল হামাস। তাকে হত্যা কিংবা আটক করতে হামাস যোদ্ধাদেরকে নির্দেশ দিয়েছিল।
তবে শাবাবের নেতৃত্বাধীন দল ‘পপুলার ফোর্সেস’-এর ফেসবুক পেজে এখন পর্যন্ত তার মৃত্যু নিয়ে কোনও ঘোষণা পাওয়া যায়নি।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত জুনে স্বীকার করেছিলেন যে, ইসরায়েল গাজার হামাস-বিরোধী গোষ্ঠীগুলোকে অস্ত্র দিয়েছে, যদিও এর বিস্তারিত বেশিকিছু পরে আর প্রকাশ করেনি ইসরায়েল।
রাফায় নিরাপত্তা অভিযান:
গাজায় অক্টোবরে যুদ্ধবিরতির পরও হামাস বিরোধী মিলিশিয়া নেতা আবু শাবাবের গোষ্ঠী ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকাগুলো থেকে তৎপরতা চালিয়ে আসছিল।
রাফা যুদ্ধবিরতির এই দিনগুলোতে সবচেয়ে নৃশংস সহিংসতার কেন্দ্র হয়ে উঠেছে। বুধবারও সেখানে বন্দুকযুদ্ধ হয়েছে বলে জানিয়েছে অধিবাসীরা।
ইসরায়েল এই বন্দুকযুদ্ধে তাদের ৪ সেনা আহত হওয়ার কথা জানায়। বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তাদের সেনারা রাফাহের নিচের টানেলগুলোতে প্রায় ৪০ জন হামাস যোদ্ধাকে হত্যা করেছে।
গত ১৮ নভেম্বরে ইয়াসির আবু শাবাবের দল একটি ভিডিও পোস্ট করেছিল, যেখানে তাকে তার সহকারীদের "রাফাকে সন্ত্রাসমুক্ত করতে" নিরাপত্তা অভিযান পরিচালনার নির্দেশ দিতে দেখা যায়।
দৃশ্যত সেখানে হামাস যোদ্ধাদের উপস্থিতির আছে ভেবেই তাদেন বিরুদ্ধে এই অভিযানের নির্দেশ দেওয়া হয়েছিল।
আবু শাবাবের মৃত্যুর খবর এক নিরাপত্তা সূত্রকে উদ্ধৃত করে প্রচার করেছে ইসরায়েলের কান সরকারি সম্প্রচারমাধ্যমসহ অন্যান্য গণমাধ্যমগুলো।
ইসরায়েলের সেনা বেতারও একটি নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, আবু শাবাব দক্ষিণ ইসরায়েলের সোরোকা হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসাধীন থাকার সময় মারা গেছেন।
তবে হাসপাতালটি তাৎক্ষণিকভাবেই আবু শাবাবের সেখানে ভর্তি থাকার কথা অস্বীকার করেছে। শাবাবের মৃত্যু কখন ঘটেছে কিংবা তিনি কিভাবে আহত হয়েছিলেন খবরে তা বলা হয়নি।