ইরানের ওপর জাতিসংঘ নিষেধাজ্ঞা পুনর্বহাল করছে যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানি
যুক্তরাজ্য-ফ্রান্স ও জার্মানি আগেই সতর্ক করে বলেছিল, ইরান অগাস্টের শেষ নাগাদ পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনও‘কূটনৈতিক সমাধানে’ রাজি না হলে তারা এ পদক্ষেপ নেবে।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে উত্তেজনা বাড়ায় ২০১৫ সালের চুক্তির আওতায় প্রত্যাহার হওয়া জাতিসংঘের প্রধান সব নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি।
এই পদক্ষেপে নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া (স্ন্যাপব্যাক মেকানিজম) আবার চালু হবে, যার ফলে ৩০ দিনের মধ্যেই তা ফিরে আসতে পারে।
বিবিসি জানায়, ২০১৫ সালে হওয়া চুক্তির তিন পক্ষ – যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি দুই সপ্তাহ আগে সতর্ক করে বলেছিল যে, ইরান অগাস্টের শেষ নাগাদ পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনও‘কূটনৈতিক সমাধানে’ রাজি না হলে তারা এই প্রক্রিয়া শুরু করতে প্রস্তুত।
ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, এই পদক্ষেপ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে তাদের সহযোগিতার চলমান প্রক্রিয়া ব্যাহত করবে। এই পদক্ষেপকে উস্কানিমূলক এবং খামোখাই উত্তেজনা বাড়ানো আখ্যা দিয়ে ইরান বলেছে, এর সমুচিত পাল্টা জবাব দেওয়া হবে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা জুন থেকে থমকে আছে, যখন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছিল এবং ইরান জাতিসংঘ-সমর্থিত পরিদর্শকদের প্রবেশ নিষিদ্ধ করে।
২০১৫ সালের ইরান চুক্তিতে যুক্তরাষ্ট্র, ইইউ ও চীনের পাশাপাশি ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানিও স্বাক্ষর করেছিল। চুক্তির আওতায় ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানোর বিনিময়ে নিষেধাজ্ঞা তুলেও নেওয়া হয়েছিল।
তবে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এই চুক্তি ত্রুটিপূর্ণ আখ্যা দিয়ে তা থেকে সরে গিয়ে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেন। ইউরোপীয় দেশগুলো তখনও চুক্তিতে থেকে যাওয়ার ঘোষণা দিয়েছিল।
তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জবাবে ইরান আবার তাদের পারমাণবিক কর্মসূচি জোরদার করে নতুন করে সংকট ডেকে আনে।
২০১৫ সালের চুক্তির আওতায় ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের সুযোগ রাখা হয়েছিল। বলা হয়েছিল, যদি তারা মনে করে ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে তাদের প্রতিশ্রুতি পূরণে অনেকটাই ব্যর্থ হয়েছে, তাহলে তা জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জানিয়ে আবার নিষেধাজ্ঞা বহাল করা হবে।
বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানো চিঠিতে ‘ইথ্রি’ হিসাবে পরিচিত তিন দেশ- যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি জানিয়েছে, ইরান স্পষ্টতই এবং ইচ্ছাকৃতভাবে ২০১৫ সালের চুক্তি লঙ্ঘন করছে।
তারা অভিযোগ করেছে, ইরানের অস্ত্র বানানোর প্রায় উপযোগী উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ আছে। এক্ষেত্রে দেশটি শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে বলে কোনও অজুহাত দেখাতে পারে না।
তদের এই পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য ‘স্পষ্ট হুমকি’। এ সংক্রান্ত চিঠি পাওয়ার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের হাতে এখন ৩০ দিন সময় আছে একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য।
