২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেডারের ত্রুটিতে যুক্তরাজ্যের বিমানবন্দরগুলোর কার্যক্রমে বিঘ্ন

রেডারজনিত এ সমস্যায় যুক্তরাজ্যের বৃহত্তম ও ইউরোপের ব্যস্ততম হিথ্রো বিমানবন্দরের কার্যক্রমেও বিঘ্ন ঘটেছে।

রেডারের ত্রুটিতে যুক্তরাজ্যের বিমানবন্দরগুলোর কার্যক্রমে বিঘ্ন
লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ফ্লাইট বিলম্বের কারণে বিপাকে পড়া যাত্রীদের একাংশ। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2025, 02:30 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

যুক্তরাজ্যের এয়ার ট্র্যাফিক কন্ট্রোল সিস্টেমের রেডার সম্পর্কিত প্রযুক্তিগত সমস্যার কারণে রাজধানী লন্ডন ও অন্য অঞ্চলের প্রধান বিমানবন্দরগুলোর ফ্লাইট পরিচালনা বুধবার চার ঘণ্টারও বেশি সময় ধরে বিঘ্নিত হয়েছে। সমস্যার সমাধান হওয়ায় পর স্বাভাবিক কার্যক্রম আবার শুরু হয়। 

সামাজিক মাধ্যম এক্স এ এক পোস্টে দেশটির এয়ার ট্র্যাফিক কন্ট্রোল প্রদানকারী প্রতিষ্ঠান এনএটিএস বলেছে, “আমাদের সিস্টেম পুরোপুরি কার্যকর হয়েছে এবং ট্র্যাফিক সক্ষমতা স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। সব বিমানবন্দরগুলো থেকে ফ্লাইট ছাড়া শুরু হয়েছে আর আমরা জমে যাওয়া কাজগুলো নিরাপদে সারতে পরিস্থিতির শিকার হওয়া এয়ারলাইন্স ও বিমানবন্দরগুলোর সঙ্গে কাজ করছি। এই ঘটনায় যারা সমস্যায় পড়েছেন তাদের সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি।” 

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ফ্লাইট বিলম্বের কারণে বিপাকে পড়া যাত্রীরা। ছবি: রয়টার্স 

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ফ্লাইট বিলম্বের কারণে বিপাকে পড়া যাত্রীরা

এনএটিএস জানিয়েছে, যুক্তরাজ্যের বৃহত্তম ও ইউরোপের ব্যস্ততম হিথ্রো বিমানবন্দরও এ বিভ্রাটের শিকার হয়েছে। 

পরে রয়টার্সকে এনএটিএসের এক মুখপাত্র জানান, এটি রেডার সম্পর্কিত সমস্যা ছিল। 

তিনি বলেন, “নিরাপত্তা নিশ্চিত করার জন্য ওই সময় আমরা ট্র্যাফিক হ্রাস করে দেই। তারপর দ্রুত ব্যাকআপ সিস্টেমে চলে গিয়ে সমস্যার সমাধান করি।” 

হিথ্রো বিমানবন্দরের এক মুখপাত্র রয়টার্সকে বলেন, “এনটিএসের সোয়ানউইক এয়ার ট্র্যাফিক কন্ট্রোল সেন্টারে প্রযুক্তিগত সমস্যার পর আবার হিথ্রোতে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। ভ্রমণের আগে যাত্রীদের তাদের এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে সবকিছু ঠিক আছে কিনা পরীক্ষা করে নেওয়ার পরামর্শ দিচ্ছি আমরা।”

লন্ডনের গ্যাটউইক বিমানবন্দর ও স্কটল্যান্ডের এডিনবার্গ বিমানবন্দরও কাযক্রম স্বাভাবিক হওয়ার কথা জানিয়েছে।  

রেডার সম্পর্কিত প্রযুক্তিগত সমস্যার কারণে ফ্লাইট উড্ডয়ন স্থগিত থাকার সময়টিতে টার্মিনাল ভবন থেকে রানওয়ের দিকে তাকিয়ে আছেন এক ব্যক্তি। ছবি: রয়টার্স

রেডার সম্পর্কিত প্রযুক্তিগত সমস্যার কারণে ফ্লাইট উড্ডয়ন স্থগিত থাকার সময়টিতে টার্মিনাল ভবন থেকে রানওয়ের দিকে তাকিয়ে আছেন এক ব্যক্তি

লন্ডনের সিটি বিমানবন্দর প্রথমদিকেই কার্যক্রমে বিঘ্ন ঘটার কথা জানিয়েছিল। তবে এখানে বিভ্রাট কতোক্ষণ স্থায়ী হয়েছিল তা পরিষ্কার হয়নি।  

কম বাজেটের আইরিশ এয়ারলাইন রাইয়ানএয়ার জানিয়েছে, বিভ্রাট ‘চার ঘণ্টারও বেশি’ স্থায়ী হয়েছে আর তাতে দেরি ও বেশ কিছু ফ্লাইট অন্য বিমানবন্দরে পাঠিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে, এসব কারণে হাজার হাজার যাত্রীকে দুর্ভোগ পোহাতে হয়েছে। 

এয়ারলাইনটি সমস্যাটিকে ‘একেবারে অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করে এয়ার ট্র্যাফিক কন্ট্রোল প্রোভাইডার এনএটিএসের প্রধান নির্বাহী মার্টিন রল্ফের পদত্যাগ দাবি করেছে। 

রাইয়ানএয়ারের প্রধান অপারেটিং কর্মকর্তা নিল ম্যাকমোহন এক বিবৃতিতে বলেছেন, “অগাস্ট’২৩ এর এনএটিএস সিস্টেম বিভ্রাটের পর থেকে কোনো শিক্ষা নেওয়া হয়নি এটা পরিষ্কার। মার্টিন রল্ফের অযোগ্যতার ফলে যাত্রীরা ভুগেই যাচ্ছেন।” 

২০২৩ সালের অগাস্টে ফ্লাইট পরিকল্পনার স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় ত্রুটি দেখা দেওয়ার পর যুক্তরাজ্যজুড়ে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছিল।