২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের বিরুদ্ধে দেড় কোটি ডলারের ‘ডার্ক ঈগল’ মোতায়েন পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

এই অত্যাধুনিক অস্ত্রটি ব্যবহারের জন্য মার্কিন সেন্ট্রাল কমান্ড ইতিমধ্যে আনুষ্ঠানিক অনুমোদন চেয়েছে।

ইরানের বিরুদ্ধে দেড় কোটি ডলারের ‘ডার্ক ঈগল’ মোতায়েন পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
ডার্ক ঈগল। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2026, 09:27 PM

Updated : 26 Aug 2026, 03:31 PM

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো লক্ষ্য করে নিজেদের সবচেয়ে উন্নত ‘ডার্ক ঈগল’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

এক প্রতিবেদনে ব্লুমবার্গ জানিয়েছে, এই অত্যাধুনিক অস্ত্রটি ব্যবহারের জন্য মার্কিন সেন্ট্রাল কমান্ড ইতিমধ্যে আনুষ্ঠানিক অনুমোদন চেয়েছে।

বর্তমানে পশ্চিম এশিয়ায় মোতায়েন করা মার্কিন ‘প্রিসিশন স্ট্রাইক মিসাইল’-এর পাল্লার বাইরে থাকা ইরানের গভীর অভ্যন্তরের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লাঞ্চারগুলোতে আঘাত হানতে সামরিক বাহিনীর সক্ষমতা বাড়ানো এ প্রস্তাবের মূল উদ্দেশ্য। 

যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে অনুমোদন পেলে এটিই হবে মার্কিন হাইপারসনিক অস্ত্রের প্রথম কোনও সরাসরি মোতায়েন।

কী এই ‘ডার্ক ঈগল’?

অফিসিয়ালি ‘লং-রেঞ্জ হাইপারসনিক ওয়েপন’ নামে পরিচিত এই ডার্ক ঈগল শব্দের চেয়ে অন্তত পাঁচ গুণ বেশি গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। 

এটি ১৭২৫ মাইলেরও বেশি দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে হামলা চালাতে পারে। লকহিড মার্টিনের তৈরি প্রতিটি ক্ষেপণাস্ত্রের দাম প্রায় ১ কোটি ৫০ লাখ (১৫ মিলিয়ন) ডলার এবং বর্তমানে আমেরিকার কাছে মাত্র আটটি এ ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে। 

একটি পূর্ণাঙ্গ ব্যাটারি সিস্টেমের পেছনে খরচ ধরা হয়েছে প্রায় ২৭০ কোটি ডলার। 

এই ক্ষেপণাস্ত্রে একটি ‘গ্লাইড বডি’ রয়েছে, যার সাহায্যে এই ক্ষেপণাস্ত্র যে কোনও সময় যে কোনও মুহূর্তে দিশা বদলাতে পারে।

চলমান অস্ত্রবিরতি ও যুদ্ধের প্রস্তুতি:

গত ৯ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি চললেও, দুই দেশই তাদের সামরিক শক্তি এবং যুদ্ধের পরিকল্পনা নতুন করে সাজাচ্ছে।

ডার্ক ঈগল মোতায়েনের এই প্রস্তাব ইঙ্গিত দিচ্ছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যদি পুনরায় হামলা চালানোর সিদ্ধান্ত নেন, তবে তার প্রস্তুতি আগেভাগেই সেরে রাখতে চায় পেন্টাগন।

প্রতিবেদনে বলা হয়েছে, যদিও যুক্তরাষ্ট্র বর্তমানে ‘জেএএসএসএম-ইআর’ ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, তবুও ইরানের আকাশসীমার কিছু অংশ মার্কিন বিমানের জন্য এখনও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। 

এর আগে ইরানের হাতে বেশ কিছু মার্কিন এমকিউ-৯ ড্রোন এবং চালকসহ বিমান ভূপাতিত হওয়ার ঘটনা ঘটেছে।

মূলত রাশিয়া ও চীনের হাইপারসনিক প্রযুক্তি মোকাবেলায় এই ডার্ক ঈগল তৈরি করা হলেও, এখন পশ্চিম এশিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা দমনে এটি ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে। 

বিশ্লেষকরা সতর্ক করেছেন যে, যুদ্ধের পরবর্তী ধাপগুলো আরও প্রাণঘাতী হতে পারে।