গুজরাট দাঙ্গা: নারোদা গাম হত্যা মামলায় খালাস ৬৯ অভিযুক্ত
ভারতের গুজরাটে ২০০২ সালের দাঙ্গার সময় নারোদা গামে ১১ মুসলিমকে হত্যা মামলায় সাবেক এক বিজেপি মন্ত্রীসহ খালাস পেয়েছে এই হিন্দুরা।
ভারতের গুজরাটে ২০০২ সালের দাঙ্গার সময় নারোদা গামে ১১ মুসলিমকে হত্যার মামলায় অভিযুক্ত ৬৯ হিন্দুকে বেকসুর খালাস দিয়েছে আদালত। এর মধ্যে আছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক এক মন্ত্রীও।
আহমেদাবাদের বিশেষ আদালত বৃহস্পতিবার এ রায় দিয়েছে। গুজরাটে নরেন্দ্র মোদীর মুখ্যমন্ত্রিত্বের আমলে ২০০২ সালের ৮ ফেব্রুয়ারিতে ওই হত্যাকাণ্ডের পর মামলাটি শুরু হয়েছিল।
সেই সময় সাবরমতী এক্সপ্রেসে আগুনের ঘটনার পরদিনই রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়া সহিসংতার মধ্যে ঘটে ওই নৃশংস ঘটনা। হত্যাকাণ্ডে গুজরাটের তৎকালীন বিধায়ক মায়া কোদনানিসহ ৮৬ জন হিন্দু অভিযুক্ত হয়েছিলেন। এর মধ্যে ১৭ জন বিচার চলাকালেই মারা গেছেন। বাকি অভিযুক্তরা অবশ্য সবাই জামিনে মুক্ত ছিলেন।
২০০২ সালের গুজরাট দাঙ্গায় বিভিন্ন মামলা যাতে দ্রুত নিষ্পত্তি হয় সেজন্য একটি বিশেষ আদালতে এ মামলা তোলা হয়েছিল। আদালতে এ মামলার শুনানি চলে ৫ এপ্রিল পর্যন্ত। এরপরই বৃহস্পতিবার রায় এল।
বেকসুর খালাস পাওয়াদের মধ্যে সাবেক বিজেপি বিধায়ক মায়া কোদনানিসহ সাবেক ভিএইচপি নেতা জয়দীপ প্যাটেল এবং সাবেক বজরঙ্গ দল নেতা বাবু বজরঙ্গিও আছেন। ভিএইচপি এবং বজরঙ্গ দলের সঙ্গে বিজেপি’র ঘনিষ্ঠ সম্পর্ক আছে।
২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গুজরাটের গোধরায় সবরমতি এক্সপ্রেসে আগুন দেওয়ার পর থেকেই গোটা গুজরাট জুড়ে শুরু হয়েছিল হিন্দু-মুসলিম সংঘর্ষ।
প্রায় তিন মাস ধরে চলা সংঘর্ষে মৃত্যু হয়েছিল ১০৪৪ জনের। নিহতদের ৭৯০ জন ছিলেন মুসলিম। হিন্দু ছিলেন ২৫৪ জন।
গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী মোদী দাঙ্গা নিয়ন্ত্রণে উপযুক্ত ব্যবস্থা নেননি, উল্টে প্রচ্ছন্ন মদদ দিয়েছিলেন দাঙ্গায়। পুলিশ-প্রশাসনকেও প্রয়োজনীয় নির্দেশ দেননি বলে পরে অভিযোগ উঠেছিল।
