২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পলাতক খালিস্তানপন্থি নেতা অমৃতপালের প্রধান সহযোগী গ্রেপ্তার

অমৃতপাল ও পাপালপ্রীত গত ১৮ মার্চ পুলিশের চোখে ধুলা দিয়ে একসঙ্গে পালিয়েছিলেন।

পলাতক খালিস্তানপন্থি নেতা অমৃতপালের প্রধান সহযোগী গ্রেপ্তার

ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2023, 10:24 PM

Updated : 10 Apr 2023, 10:24 PM

পলাতক শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা অমৃতপাল সিংয়ের ঘনিষ্ঠ সহযোগী পাপালপ্রীত সিংকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পাঞ্জাব পুলিশ।

মঙ্গলবার পাঞ্জাব পুলিশের কাউন্টার-ইনটেলিজেন্স ইউনিট রাজ্যের হোসিয়ারপুর থেকে পাপালপ্রীতকে গ্রেপ্তার করে।

তাকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গত ১৮ মার্চে পাঞ্জাব রাজ্যের জলন্ধরের কাছের ডেরা থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যান ‘ওয়ারিশ পাঞ্জাব দে’ সংগঠনের নেতা অমৃতপাল। ওই সময় থেকেই তার সঙ্গে ছিলেন পাপালপ্রীত।

তাদের ধরতে পাঞ্জাব পুলিশ এবং দিল্লি পুলিশের বিশেষ সেল যৌথভাবে ভারতজুড়ে বড় ধরনের তল্লাশি অভিযান চালাচ্ছে।

এর আগে ভারতের অন্তত চারটি রাজ্যে পলাতক ওই জুটিকে দেখা যাওয়ার খবর পাওয়া গিয়েছিল।

পুলিশের ধারণা, সম্প্রতি তারা হোসিয়ারপুর পৌঁছে দুইজন দুইটি ভিন্ন পথে রওয়ানা হন।

অমৃতপাল এ মাসের শেষে শিখদের একটি ধর্মীয় সভা ডেকেছেন। যে কারণে রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে সব সদস্যের ছুটি আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বাতিল করা হয়েছে। ১৪ এপ্রিল ভারতের উত্তরাঞ্চলের রাজ্যগুলিতে ঘটা করে বৈশাখী উৎসব পালিত হয়।

অমৃতপাল সম্প্রতি এক ভিডিও বার্তায় শিখ সম্প্রদায়ের শীর্ষ সংস্থা ‘অকাল তখত’র প্রধানদেরকে বৈশাখী উপলক্ষে পাঞ্জাবের ভাতিন্ডায় ‘সরবত খালসা’ উৎসব ও সমাবেশ আয়োজনের আহ্বান করেছেন।

পুরনো খবর:

যুক্তরাজ্য-ভারত বাণিজ্য আলোচনা ‘বন্ধ’ নিয়ে পরষ্পর বিরোধী খবর
খালিস্তান: শিখ বিচ্ছিন্নতাবাদী যে আন্দোলন ভারতকে তাড়িয়ে বেড়াচ্ছে
দূতাবাসের সামনে খালিস্তানিদের বিক্ষোভ, কানাডাকে কড়া বার্তা ভারতের

বৈশাখী সমাবেশের আগে তিনি ‘অকাল তখত’ প্রধানদের অমৃতসরের অকাল তখত থেকে ভাতিন্ডার দমদমা সাহিব পর্যন্ত একটি ধর্মীয় মিছিলও বের করতে বলেছেন।

‘ওরিশ পাঞ্জাব দে’ থেকে বৈশাখী বার্তা হিসেবে প্রকাশ করা ওই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে জানায় এনডিটিভি। তবে ওই ভিডিও প্রকাশের পর ভাতিন্ডায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

অকাল তখত এর প্রধান জ্ঞনী হারপ্রীত সিং অমৃতপালকে পুলিশের কাছে আত্মসমর্পন করার অনুরোধ করেছেন।

বলেছেন, তাকে অকাল তখত এ এসে আত্মসমর্পনের অনুমতি দেওয়া হবে না বা সংগঠন থেকে তার বিষয়ে পুলিশের সঙ্গে কোনো আলোচনাও করা হবে না।