২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্য-ভারত বাণিজ্য আলোচনা ‘বন্ধ’ নিয়ে পরষ্পর বিরোধী খবর

দ্য টাইমস বলেছে, যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য আলোচনা ‘বন্ধ করেছে’ ভারত। যে খবরকে ‘ভিত্তিহীন’ বলেছে দ্য ইকোনোমিক টাইমস।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2023, 07:12 PM

Updated : 10 Apr 2023, 07:12 PM

লন্ডনে গতমাসে ভারতীয় হাই কমিশনে শিখ চরমপন্থি দলের সমর্থকদের হামলার ঘটনার জেরে যুক্তরাজ্যের সঙ্গে ভারতের বাণিজ্য আলোচনা ‘বন্ধ করা’ নিয়ে কয়েকটি সংবাদ মাধ্যমে পরষ্পর বিরোধী খবর প্রকাশ পেয়েছে।

প্রথমে যুক্তরাজ্যের দৈনিক দ্য টাইমস সোমবার নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইটহলের এক কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলে, ‘‘যুক্তরাজ্য সরকার যতক্ষণ পর্যন্ত না খালিস্তান চরমপন্থিদের বিরুদ্ধে জনসম্মুখে নিন্দা প্রকাশ না করবে ততক্ষণ পর্যন্ত ভারত সরকার দুই দেশের মধ্যে বাণিজ্য নিয়ে আলোচনা করতে চায় না।”

দ্য টাইমস এর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সসহ আরো কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করে।

ওইদিনই ভারতের ইংরেজি ভাষার দৈনিক দ্য ইকোনোমিক টাইমস এ ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে টাইমস এর খবরকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দেয়।

তারা দিল্লিতে এজন ব্রিটিশ কূটনীতিকের বরাত দিয়ে এটাও বলে, ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা যথানিয়মেই চলছে।

দুইটি পত্রিকার কেউই তাদের সূত্রের নাম প্রকাশ করেনি।

পরে রয়টার্সও তিনজন কর্মকর্তার বরাত দিয়ে বাণিজ্য আলোচনা বন্ধ না হওয়ার এবং এ বছর যথানিয়মে আলোচনা চলার খবর প্রকাশ করেছে।

মূলত গত মাসে ভারতের পাঞ্জাব রাজ্যের জলন্ধরের কাছের ডেরা থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে খালিস্তানপন্থি নেতা অমৃতপাল সিং এর পালিয়ে যাওয়া এবং তাকে ধরতে ভারতজুড়ে পুলিশের বড় ধরণের তল্লাশি অভিযান ঘিরে জটিলতার সূত্রপাত হয়েছে।

অমৃতপাল সিংয়ের বিরুদ্ধে পুলিশ হত্যাচেষ্টা, আইন প্রয়োগকারী বাহিনীকে বাধা দেওয়া, সমাজের ‘সম্প্রীতি বিনষ্টের’ অভিযোগ এনেছে। ভারতের সংখ্যালঘু শিখ ধর্মাবলম্বীদের জন্য সার্বভৌম খালিস্তান রাষ্ট্র চাওয়া নিষিদ্ধঘোষিত বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের অন্যতম কাণ্ডারি এখন ৩০ বছর বয়সী অমৃতপাল।

পুলিশ আমৃতপালকে ধরার অভিযানে নেমে ধরপাকড় শুরু করার পর এর প্রতিবাদে বিদেশের ভারতীয় দূতাবাসগুলোতে বিক্ষোভ-হামলা হয়। প্রতিবাদে সরব হয় বিদেশে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভুত শিখরা।

ভারতেও খালিস্তানপন্থি শত শত মানুষকে লাঠি ও তলোয়ার হাতে মিছিল করতে দেখা যায়।

গত ১৯ মার্চ লন্ডনে ভারতীয় হাই কমিশনের সামনে খালিস্তানপন্থি সংগঠনগুলো বিক্ষোভ করার সময় বিক্ষোভকারীরা হাই কমিশন ভবনের বারান্দ থেকে ভারতের পতাকা নামিয়ে খালিস্তান লেখা ব্যানার উড়িয়ে দিয়েছিল।

কানাডায় ভারতীয় দূতাবাসের সামনেও বিক্ষোভ হয়। ওই সময় কানাডার গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, কানাডার ভ্যাঙ্কুভারে ভারতীয় কনস্যুলেটের সামনে শত শত বিক্ষোভকারী জড়ো হয়ে স্বাধীন শিখ রাজ্যের দাবিতে বিক্ষোভ করেছে।

সেসময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুই দেশের রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশপাশি কঠোর বার্তাও দেওয়া হয়।

পুরনো খবর:

খালিস্তান: শিখ বিচ্ছিন্নতাবাদী যে আন্দোলন ভারতকে তাড়িয়ে বেড়াচ্ছে
দূতাবাসের সামনে খালিস্তানিদের বিক্ষোভ, কানাডাকে কড়া বার্তা ভারতের