২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টোরির বড় জয়, স্কটিশ জাতীয়তাবাদীদেরও

বামঘেঁষা লেবার পার্টির বিরুদ্ধে সংবাদমাধ্যমের ‘উন্মাদনার’ ঢেউয়ে চেপে’ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আরও পাঁচ বছরের জন্য যুক্তরাজ্যের শাসনক্ষমতায় থাকছেন ডানপন্থী কনজারভেটিভ নেতা ডেভিড ক্যামেরন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তৌফিক ইমরোজ খালিদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2015, 12:45 AM

Updated : 22 Aug 2022, 12:14 PM

টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের জন্য প্রধানমন্ত্রী ক্যামেরনের এবার আর জোট গড়ার প্রয়োজন হবে না। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি যদি তিনি রাখেন, তাহলে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার প্রশ্নে ২০১৭ সালে গণভোটের মুখোমুখি হতে হবে যুক্তরাজ্যকে।

আর স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) ওয়েস্টমিনস্টারে তৃতীয় বৃহৎ দল হিসাবে আবির্ভূত হওয়ায় ক্যামেরনের নতুন মেয়াদে স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে গণভোটের দাবি ফের উসকে উঠবে কিনা, সময়ই তা বলে দেবে।

এরইমধ্যে সমালোচনার খড়গ উঠেছে দারুণভাবে বিরূপ প্রচারের শিকার লেবার নেতা এড মিলিব্যান্ডের বিরুদ্ধে। তার দলকে সমর্থন যোগানো একমাত্র পত্রিকা দি গার্ডিয়ানের এক কলামনিস্ট যাকে বলেছেন ‘সংবাদমাধ্যমের নির্মম হামলা’, তা ঠেকাতে ব্যর্থ হয়েছেন মিলিব্যান্ড।

অর্থনীতি নিয়ে বাড়তি জোর দেওয়ার বিষয়টিও হয়তো ক্যামেরনের কাজে লেগেছে; নির্বাচনপূর্ব জনমত জরিপের ফলকে ভুল প্রমাণ করে জয়ী হয়েছে তার দল।  

ভোটের প্রচারে তিনি দাবি করেছেন, তার সরকার মন্দার ক্ষতি থেকে দেশকে উদ্ধার করতে সফল হয়েছে। তিনি আরও কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন, কর আর বাজেট ঘাটতি কমিয়ে আনার কথা বলেছেন।

ক্যামেরন এও দাবি করেছেন,তার দল একটি স্থিতিশীল ও শক্তিশালী সরকার উপহার দিতে অনেক বেশি সক্ষম, যা ব্যবসার পরিবেশের জন্য জরুরি।   

Image
দলের জয়ের পর সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন

দলের জয়ের পর সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন

Image
পরাজয়ের পর লেবার পার্টির নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন এড মিলিব্যান্ড

পরাজয়ের পর লেবার পার্টির নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন এড মিলিব্যান্ড

পাঁচ বছর আগে গর্ডন ব্রাউন সরে যাওয়ার পর নিজের ভাই ডেভিডকে হারিয়ে লেবার পার্টির নেতৃত্বে আসেন এড মিলিব্যান্ড। অভাগা, অপদার্থ, ক্ষতিকর, বিচ্ছিন্ন, সিদ্ধান্ত নিতে অপারগ, নির্বোধ, ভয়ঙ্কর- কি লেখা হয়নি তাকে নিয়ে ট্যাবলয়েড আর শীর্ষ সংবাদপত্রের শিরোনাম ও সম্পাদকীয়তে!

ভোটের আগে জনমত জরিপগুলোতে কোনো দলেরই নিশ্চিত জয়ের আভাস ছিল না। বড় দলগুলোও সমমনা ছোট দলগুলোর সঙ্গে জোট গড়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চালাচ্ছিল। 

শেষ দিকে এসে জরিপগুলোর ফল কিছুটা লেবার পার্টির দিকেও ঝুঁকছিল। রাজধানী লন্ডনে দলটির ১৩ পয়েন্টে এগিয়ে থাকার বিষয়টিও নির্বাচনে ভাল ফলের পূর্বাভাস দিচ্ছিল।   

কিন্তু ভোট শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যে বুথফেরত জরিপগুলোর ফলাফলে কনজারভেটিভদের স্পষ্ট ব্যবধানে এগিয়ে থাকতে দেখা যায়। বলা হয়, ক্ষমতাসীন দলটি ৩১৬ আসন পেতে যাচ্ছে, যা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র ১০ আসন কম। 

বিবিসির বুথফেরত জরিপে টোরিদের আরও কিছু বেশি আসন পাওয়ার সম্ভাবনা দেখানো হয়, যা নিয়ে সন্দেহ প্রকাশ করেন সংবাদমাধ্যম ও ব্রিটিশ রাজনীতির গুরুত্বপূর্ণ কয়েকজন। 

কিন্ত শেষ পর্যন্ত তাদের পিছু হটতে হয়েছে।

আর পূর্বাভাস দারুণভাবে ভুল প্রমাণিত হওয়ায় নির্বাচনপূর্ব জনমত জরিপকারীদেরও বিপাকে পড়তে হয়েছে।

‘নির্মম’ এই রাতে মধ্যপন্থী লিবারেল ডেমোক্রেটসদের আসনসংখ্যা করুণভাবে এক অংকের ঘরে নেমে এসেছে। দলের প্রধান এবং যুক্তরাজ্যের বিদায়ী উপ প্রধানমন্ত্রী কোনোক্রম নিজের আসন বাঁচাতে পারলেও পার্টির অধিকাংশ মন্ত্রী ও বড় নেতাকে পরাজয়ের স্বাদ নিতে হয়েছে।

রাজধানী লন্ডনে গুরুত্বপূর্ণ কয়েকটি আসনে লেবার পার্টি জয় পেলেও সব মিলিয়ে অনেক বেশি আসনে তাদের হারতে হয়েছে।

লেবার পার্টির সবচেয়ে বড় ক্ষতিটা করেছে স্কটিশ জাতীয়তাবাদীরা, যারা স্কটল্যান্ডের প্রায় সব আসন জিতে নিয়ে সেখানে মিলিব্যান্ডের দলকে একপ্রকার মুছে দিয়েছে। 

লেবার প্রার্থীদের ভোটের প্রচারে ধনীদের করের আওতায় আনা এবং তহবিল সঙ্কটে থাকা জাতীয় স্বাস্থ্য কর্মসূচিতে অর্থ জোগানোর প্রতিশ্রুতি ছিল, যদিও ভোটারদের তা আশ্বস্ত করতে পারেনি বলেই মনে হয়।  

ধরাশায়ী হেভিওয়েটদের মধ্যে শ্যাডো চ্যান্সেলর এড বলসকে হারতে হয়েছে মাত্র ৪০০ ভোটের ব্যবধানে। আর শ্যাডো ফরেন সেক্রেটারি ডগলাস আলেকজান্ডার স্কটল্যান্ড ধসের শিকার হয়েছেন। 

পূর্বাভাসে বলা হয়েছিল, ইইউবিরোধী ইউকে ইনডিপেনডেন্স (ইউকেআইপি) পার্টি প্রধান দুই দলেরই ভোট কাটবে, আর তাতে সবচেয়ে বেশি ক্ষতি হবে টোরির। কিন্তু বাস্তবে তা ঘটেনি।

ব্রিটেনের ফার্স্ট-পাস্ট-দি-পোস্ট ব্যবস্থায় ইউকেআইপির ১২.৬ শতাংশ পপুলার ভোট, যা কিনা অংকের বিচারে তৃতীয় সর্বোচ্চ, তার প্রতিফলন আসন সংখ্যায় পাওয়া যায়নি। দলটি জয় পেয়েছে মাত্র একটি আসনে। 

Image
যুক্তরাজ্যের নির্বাচনে ভোটের ফলের দিনে লন্ডনে এক অনুষ্ঠানে এড মিলিব্যান্ড, নিক ক্লেগ ও ডেভিড ক্যামেরন

যুক্তরাজ্যের নির্বাচনে ভোটের ফলের দিনে লন্ডনে এক অনুষ্ঠানে এড মিলিব্যান্ড, নিক ক্লেগ ও ডেভিড ক্যামেরন

Image
যুক্তরাজ্যের নির্বাচনে গণনা শেষে ব্যালট পেপার

যুক্তরাজ্যের নির্বাচনে গণনা শেষে ব্যালট পেপার

লন্ডনের ডানপন্থী পত্রিকাগুলো যার নাম দিয়েছে ‘রেড এড’, সেই লেবার নেতা মিলিব্যান্ডকে ৪৫ বছর বয়সেই ক্যারিয়ারের শেষ সীমায় ঠেলে দিয়েছে এ নির্বাচন। ভোটের ফল প্রকাশের পরপরই দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি।    

সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের ছত্রছায়ায় মিলিব্যান্ডের রাজনৈতিক উত্থান ঘটে উল্কার মত। ৩৮ বছর বয়সে জ্বালানি মন্ত্রীর দায়িত্ব পাওয়ার আগে মন্ত্রিপরিষদ বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন পদে তিনি দায়িত্ব পালন করেন।  

তার তাত্ত্বিক মার্কসিস্ট বাবা রাল্ফ মিলিব্যান্ড একজন অভিবাসী ব্রিটিশ, যার ছায়ায় এড বেড়ে উঠেছেন অক্সফোর্ড, লন্ডন স্কুল অব ইকনোমিক্স আর হার্ভার্ডের মতো প্রতিষ্ঠানে লেখাপড়া করে। 

লেবারের কৌশল নির্ধারকরা এখন বলছেন, বিরোধী শিবিরের ব্যাপক অপপ্রচারের কারণে পার্টির যে ক্ষতি হয়েছে, দলের একনিষ্ঠ কর্মীদের কাজে লাগিয়ে তা কাটিয়ে উঠতে হবে।

পূর্ব লন্ডনের রেডব্রিজ এলাকার একজন ব্রিটিশ-বাংলাদেশি ভোটার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সৈয়দ নাহাস পাশাকে বলেছেন, লেবার পার্টির কর্মীরা এবার যেরকম প্রাণবন্ত প্রচার চালিয়েছে, গত ৪০ বছরে তিনি তেমনটা দেখেননি।

সৈয়দ বেলাল আহমেদ নামের ওই ভোটার লেবার পার্টির এই ঐকান্তিক প্রচারকে ভাষা দিয়েছেন এভাবে: “ভোটের দিন সকাল ৬টায় লেবারের লিফলেট পাই; ১০টার সময় আমার বাসায় নক করে ভোট দিতে যেতে অনুরোধ করা হয়। ১১টায় ভোট দিয়ে আসার আধা ঘণ্টার মধ্যে ধন্যবাদ জানিয়ে লেবার পার্টির পক্ষ থেকে চমৎকার একটা ইমেইল করা হয় এবং তাতে অন্যদেরও লেবারকে পার্টিকে ভোট দিতে উৎসাহ দিতে বলা হয়।”

তিনি বলেন, “ভোটের প্রচার যে এ পর্যায়ে চলে এসেছে, তা দেখে আমি অবাক।”

কিন্তু শেষ পর্যন্ত, কিছুই লেবার পার্টির কাজে আসেনি।

পুরনো খবর:

ক্যামেরনকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
ক্যামেরনই থাকলেন যুক্তরাজ্যের ক্ষমতায়