উত্তর প্রদেশে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩০
ভারতের উত্তর প্রদেশে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। রেলওয়ের একজন মুখপাত্র বিবিসি’কে একথা জানান।
কর্মকর্তারা জানান, রায়বেরেলির দেরাদুন ও বারানসির মধ্যে চলাচলকারী জনতা এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন এবং দুটি বগি বাচরাওয়ান গ্রামের কাছে লাইনচ্যুত হয়।এ ঘটনায় আরো কয়েকডজন মানুষ আহত হয়েছে।
দুর্ঘটনাস্থল থেকে পাঠানো ছবিতে দেখা গেছে, দুমড়ে-মুচড়ে যাওয়া বগিগুলো রেললাইনের পাশে কাত হয়ে পড়ে আছে।
দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন দিল্লিতে উত্তর প্রদেশের প্রাদেশিক রেলমন্ত্রী মনোজ সিনহা।
এর আগে রেলওয়ে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছিলেন, এই দুর্ঘটনায় তিনজন মারা গেছেন।
ওই কর্মকর্তা বলেন,“লোকোমোটিভ ব্রেকগুলো কাজ না করায় বগি দুইটি লাইনচ্যুত হয়।” দুর্ঘটনার ফলে ওই লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে।
ওদিকে, প্রাদেশিক সরকার দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে। পাশাপাশি আহত প্রত্যেককে ৫০ হাজার রুপি করে দেয়ারও ঘোষণা দিয়েছে।
ছয়জন চিকিৎসকের একটি দল ২০টি অ্যাম্বুলেন্স নিয়ে দুর্ঘটনাস্থলে গেছে বলে জানা গেছে।
