নির্বাচনপূর্ব ঘোষণা: ফিলিস্তিনি রাষ্ট্র মানবেন না নেতানিয়াহু
ইসরায়েলের সাধারণ নির্বাচনে ফের জয় পেলে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি অনুমোদন করবেন না বলে জানিযেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
মঙ্গলবার ইসরায়েলে সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ করা হচ্ছে।
নির্বাচনী জরিপে নেতানিয়াহুর লিকুইদ পার্টি মধ্যবামপন্থি বিরোধীদলীয় জোট ‘দ্য জায়নিস্ট ইউনিয়ন’ থেকে পিছিয়ে আছে। এই পরিস্থিতিতে ভোটার সমর্থন বাড়াতে নেতানিয়াহু এ ঘোষণা দিয়েছেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
অপরদিকে নির্বাচিত হলে ফিলিস্তিন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করার প্রতিশ্রুতি দিয়েছে জায়নিস্ট ইউনিয়ন।
বিবিসি বলছে, নির্বাচনে কোনো পক্ষই নিরঙ্কুশ বিজয় পাওয়ার আশা করছে না।
ভোটের আগে এনআরজি সংবাদ ওয়েবসাইটকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনিদের কাছে ভূমি ছেড়ে দিলে ইসরায়েলকে ইসলামপন্থিদের হামলার ঝুঁকির মুখে ছেড়ে দেয়া হবে।
“বালিতে নিজের মাথা গোঁজার কাজ কে করবে। কিন্তু বামপন্থিরা তাই করছে, বালিতে মাথা গুঁজেই যাচ্ছে,” বলেন তিনি।
