হিলারির প্রেসিডেন্ট প্রার্থিতার প্রচারে বিঘ্ন ইমেইল বিতর্ক
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে সরকারি কাজে ব্যক্তিগত ই-মেইল একাউন্ট ব্যবহার করা নিয়ে বিতর্কে ভেস্তে যেতে পারে হিলারি ক্লিনটনের কাঙ্খিত প্রেসিডেন্ট প্রার্থিতার প্রচার।
বিশেষ করে প্রভাবশালী রিপাবলিকান দল কংগ্রেসে ই-মেইলের বিষয়টি নিয়ে শুনানির দাবি তোলায় এ আশঙ্কা বেড়েছে।
রিপাবলিকান প্রতিনিধি টেরি গোওডি বলেছেন, তিনি চান হিলারি এপ্রিলের মধ্যেই ই-মেইলের বিষয়টি নিয়ে কংগ্রেসে সাক্ষ্য দিন।
লিবিয়ার বেনগাজিতে মার্কিন কূটনীতিকের ওপর ২০১২ সালের হামলার ঘটনা তদন্তে নিয়োজিত মার্কিন প্রতিনিধি পরিষদের তদন্ত কমিটির নেতৃত্ব দিচ্ছেন টেরি গোওডি।
এমএসএনবিসি’কে তিনি বলেন, “হিলারির তদন্ত প্যানেল কিংবা কংগ্রেসের অন্যান্যদের সামনে হাজির হওয়া উচিত। আমি চাই তা এপ্রিলের মধ্যেই হোক।”
রিপাবলিকান অধুষ্যিত কংগ্রেসে হাজির হলে হিলারি বৈরি প্রশ্নের মুখেই পড়বেন বলে ধারণা করা হচ্ছে। তাছাড়া, গোওডি শুনানির যে সময়সীমা দিয়েছেন সেটি ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারির দাঁড়ানোর পরিকল্পনা প্রকাশের সময়টিতেই পড়ে যাচ্ছে।
ডেমোক্র্যাট দলের কয়েকটি সূত্র বলেছে, সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন এপ্রিলেই আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদে দাঁড়ানোর পরিকল্পনা ঘোষণা করতে পারেন। তবে হিলারির কয়েকজন উপদেষ্টা অবশ্য বলেছেন, তিনি এ ব্যাপারে আরো কিছুদিন সময় নিতে পারেন।
কিন্তু তার ই-মেইল নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে তা এক্ষেত্রে বিঘ্ন হয়েই বিরাজ করছে বলে মনে করা হচ্ছে।
২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে হিলারি কাজের জন্য ব্যক্তিগত ই-মেইল একাউন্ট ব্যবহার করে কেন্দ্রীয় সরকারের আইন লঙ্ঘন করেছেন কিনা তা খতিয়ে দেখছে পররাষ্ট্রদপ্তর।
তাছাড়া, ব্যক্তিগত কারণে হিলারি তার নিজের ব্যবহৃত যে প্রায় ত্রিশ হাজার ই-মেইল ডিলিট করেছেন তা নিয়েও উদ্বিগ্ন রিপাবলিকানরা।
মঙ্গলবার বিকালে একটি প্রেস কনফারেন্সে এসব ই-মেইল মুছে ফেলার কথা প্রকাশ করেন হিলারি। জরুরি না হওয়ায় তিনি ই-মেইলগুলো মুছে ফেলেছেন বলে দাবি করেন।
এ মেইলগুলো তিনি পররাষ্ট্রদপ্তরকে দেননি। আর সরকারি কাজ সংক্রান্ত ৫৫ হাজার ই-মেইল তিনি পররাষ্ট্রদপ্তরকে দিয়েছেন। এখানে প্রশ্ন উঠতে পারে যে হিলারি ব্যক্তিগত হিসেবে যে সব বার্তা মুছেদিয়েছেন তাতে আসলে পররাষ্ট্রদপ্তরের প্রয়োজনীয় কোন তথ্য ছিল কি না।
২০১২ সালে লিবিয়ার বেনগাজিতে মার্কিন কূটনৈতিক কম্পাউন্ডে হামলার ঘটনার বিষয়টি হিলারি তত্ত্বাবধান করেছিলেন। একারণে ইমেইল মুছে দেয়ায় প্রতিনিধি পরিষদ কমিটির সমস্যায় পড়তে পারে।কারণ দীর্ঘ দিন ধরে কমিটি বেনগাজির ঘটনার সঠিক তদন্তের জন্য হিলারির ই-মেইল সম্পর্কে তথ্য চেয়ে আসছে।
পূর্ণ তথ্যের জন্য হিলারিকে সার্ভার হস্তান্তর করতেও বাধ্য করা হতে পারে বলে জানিয়েছেন স্পিকার জন বোয়েনারের এক মুখপাত্র।
