২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে তাজিকিস্তানের বিরোধীদলীয় নেতা নিহত 

তুরস্কের ইস্তাম্বুলে অজ্ঞাত হামলাকারীদের গুলিতে তাজিকিস্তানের একজন বিরোধীদলীয় নেতা নিহত হয়েছেন। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2015, 12:35 PM

Updated : 12 Oct 2022, 03:23 PM

বৃহস্পতিবার রাতে উমারালি তুভাতোভ নামের এই নির্বাসিত নেতাকে মাথায় গুলি করে হত্যা করা হয় বলে তাজিকিস্তানের বিরোধীদলীয় সূত্রগুলো বিবিসিকে জানিয়েছে।
 
তিনি তাজিকিস্তানের সরকারবিরোধী ‘গ্রুপ ২৪’ আন্দোলনের নেতা ছিলেন। 
অক্টোবরে এই রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ করেছিল দেশটির প্রেসিডেন্ট ইমোমালি রাখমন সরকার। 

তাজিকিস্তানে কুভাতোভ’র বিরুদ্ধে অনেকগুলো অপরাধের অভিযোগ আনা হয়েছিল। দেশটি তাকে ফেরত পাঠানোর দাবি জানালেও তুরস্ক তা প্রত্যাখ্যান করে। 

ডিসেম্বরে কথিত ভিসা জালিয়াতির দায়ে তুর্কি কর্তৃপক্ষ কুভাতোভকে গ্রেপ্তার করেছিল। কিন্তু অল্পদিনেই মুক্তি পান তিনি। 

তাজিকিস্তান বিরোধীদলের নির্বাসিত অন্যান্য প্রতিনিধিরা জানিয়েছেন, দুই কিশোর সন্তানকে নিয়ে কুভাতোভ ও তার স্ত্রী বাইরে খেতে গিয়েছিলেন। 
খাওয়ার পরপরই তিনি অসুস্থবোধ করায় রাস্তায় বের হয়ে আসেন, এ সময়ই তাকে গুলি করা হয়। 

এই খুনের বিষয়ে তার স্ত্রী আত্মীয়স্বজনকে খবর দেন, কিন্তু এর পরপরই তিনি দুই সন্তানসহ অজ্ঞান হয়ে যান। তাদের খাবারে বিষ মেশানো হয়েছিল বলে দাবি করেছে বিরোধীদল। 

আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বরাত দিয়ে তুর্কি গণমাধ্যমগুলোও বিষ-প্রয়োগের কথা জানিয়েছে।  মাত্র দুইদিন আগে তাজিকিস্তানের একটি আদালত গ্রুপ ২৪’র আরেক নেতাকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে।  ক্ষমতা দখলের চেষ্টা ও প্রেসিডেন্টের সম্মানহানির দায়ে তাকে এই শাস্তি দেয়া হয়।