২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যে কোন মূল্যে বিমান চালককে ফেরত চায় জর্ডান

জাপানের জিম্মির ‘শিরশ্ছেদ’ এর ভিডিও প্রকাশের পর ইসলামিক স্টেটের হাতে বন্দি নিজেদের বিমান চালককে মুক্ত করতে সব কিছু করা হবে বলে জানিয়েছে জর্ডান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2015, 07:17 PM

Updated : 22 Aug 2022, 11:36 AM

বিমান চালক লেফটেন্যান্ট মুয়াথ আল-কাসায়েসবেহ যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বাহিনীর হয়ে ডিসেম্বরে সিরিয়ার আইএস জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা চালানোর সময় বিমানটি বিধ্বস্ত হয় এবং তিনি আইএস’র হাতে বন্দি হন।

জর্ডান সরকার জানায়, কাসায়েসবেহকে নিরাপদে ফিরিয়ে আনতে তারা আইএস এর প্রস্তাব অনুযায়ী বন্দি বিনিময় করতে রাজি।

সরকারের মুখপাত্র মোহাম্মদ আল-মোমেনি বলেন, “প্রশাসন বিমান চালককে জীবিত ও অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে সর্বোতভাবে চেষ্টা করছে।”

“সরকারি সব সংস্থা একত্রিত হয়ে কাসায়েসবেহ জীবিত থাকার প্রমাণ খুঁজছে। যাতে তাকে মুক্ত করে বাড়িতে ফিরিয়ে আনা যায়।”

কাসায়েসবেহের মুক্তির বিনিময়ে জর্ডানে বন্দি ইরাকের আত্মঘাতী বোমা হামলাকারী সাজিদা আল-রিশাউইকে ছেড়ে দেয়ার দাবি জানিয়েছিল আইএস। আইএস এর এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে জর্ডান সরকার কাসায়েসবেহের জীবিত থাকার প্রমাণ চেয়েছিল।

জঙ্গিদের হাতে বন্দি হওয়ার পর কাসায়েসবেহ সম্পর্কে খুব কম তথ্যই পাওয়া গেছে। তরুণ এই বিমান চালকের পরিবার তার নিরাপদে বাড়ি ফেরার আশায় বুক বেঁধে আছে এবং তার জন্য প্রার্থনা করছে। তারা আশা করছে কাসায়েসবেহকে মুক্ত করতে সরকার আরো বেশি ব্যবস্থা গ্রহণ করবে।

জাপানের সাংবাদিক কেনজি গোতোকে হত্যার বিষয়টি কাসায়েসবেহের মুক্তির পথে কোন ধরনের প্রতিবন্ধকতা তৈরি করবে না বলেও তারা আশা করছে।

বিশেষজ্ঞদের ধারণা, কাসায়েসবেহের মুক্তি নিয়ে জর্ডান সরকার বেশ বেকায়দায় রয়েছে। যেহেতু কাসায়েসবেহে আইএস এর বিরুদ্ধে বিমান হামলায় সরাসরি অংশ নিয়েছেন। তাই জিম্মি হিসেবে তিনি অধিক মূল্যবান। সেক্ষেত্রে আইএস তরুণ এই বিমান চালকের মুক্তির বিনিময়ে রাজনৈতিকভাবে আরো বড় কিছুর দাবি করে বসতে পারে।

যদিও এজন্য কাসায়েসবেহের জীবিত থাকার প্রমাণ তাদের দিতে হবে। মোমেনি বলেন, “কাসায়েসবেহকে মুক্ত করতে চেষ্টার কোন ত্রুটি রাখেনি সরকার। এমনকি জাপান সরকারের সঙ্গে মিলেও তারা চেষ্টা করেছে।”

কাসায়েসবেহের পরিবার সরকারকে আরো চেষ্টা করার এবং আরো তথ্য দেয়ার অনুরোধ জানিয়েছে। তার চাচা ইয়াসিন রাওয়াশদা বলেন, “আমরা চাই সরকার আমাদেরকে সত্যিটা বলুক।”

সর্বশেষ ভিডিওটিতে গোতোকে হত্যা করার কথা বলা হলেও কাসায়েসবেহে সম্পর্কে কোন কথা বলা হয়নি।