২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তবাণিজ্য অঞ্চল গড়তে একমত অ্যাপেক নেতারা

বেইজিংয়ে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (অ্যাপেক) সম্মেলনে নেতারা চীন প্রস্তাবিত নতুন মুক্তবাণিজ্য অঞ্চল গঠনে একমত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2014, 06:57 PM

Updated : 22 Aug 2022, 07:50 PM

এশিয়া প্রশান্ত মহাসাগরীয় এলাকায় মুক্তবাণিজ্য অঞ্চলকে (এফটিএএপি) অনেকেই যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রভাবের পাল্টা পদক্ষেপ হিসাবেই দেখেন। এর একটি ‘রোডম্যাপ’ তৈরির ঘোষণা দিয়ে একে ‘এক ঐতিহাসিক’ পদক্ষেপ বলে বর্ণনা করেছেন চীনের নেতা শি জিনপিং।

শি এর আগে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর অর্থনৈতিক সহযোগিতা আরো ত্বরান্বিত করার আহ্বান জানান।

যুক্তরাষ্ট্র সম্প্রতি আলাদাভাবে আন্তঃপ্রশান্ত মহাসাগরীয় অংশীদারত্বমূলক (টিপিপি) বাণিজ্যের ধারণা নিয়ে আলোচনা শুরু করেছে। যে ব্যবস্থায় উদীয়মান চীনের বিপরীতে এশিয়ার এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাব অক্ষুন্ন রাখা যাবে।

টিটিপি’র সদস্য দেশ হচ্ছে ১২ টি। তবে চীন ও রাশিয়া এতে নেই। চীনা নেতাদের অভিযোগ, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব আটকাতেই যুক্তরাষ্ট্র টিপিপি নিয়ে এ অঞ্চলের দেশগুলোর সঙ্গে আলোচনা করছে।

তবে চীনের এ অভিযোগ উড়িয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। সিনহুয়া বার্তা সংস্থায় তিনি বলেন, “যুক্তরাষ্ট্র কোনোভাবেই চীনকে দমিয়ে রাখার চেষ্টা করছে না”।

সম্মেলনের চূড়ান্ত ঘোষণাপত্রে অ্যাপেকভুক্ত ২১টি দেশের নেতারা একযোগে বলেছেন, এফটিএএপি বাস্তবায়নের আগে এর সম্ভাব্যতা নিয়ে তারা দুই বছর গবেষণা করবেন।

চীনের নেতা বলেন, “সম্প্রতি বিশ্বে অর্থনৈতিক অবস্থা পুনরুদ্ধার হতে এখনো অনেক সমস্যা এবং অনিশ্চয়তা রয়েছে। নতুন এ পরিস্থিতিতে আমাদেরকে আঞ্চলিক অর্থনৈতিক শক্তি আরো বাড়াতে হবে এবং মুক্তবাণিজ্যের এমন একটা ধারা তৈরি করতে হবে যা দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য উপযোগী হবে”।

এ লক্ষ্য অর্জনে নেতাদেরকে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় এলাকায় মুক্তবাণিজ্য অঞ্চল ‘এফটিএএপি’ নিয়ে আলোচনা গতিশীল করার তাগাদা দেন শি।

সম্মেলনে যুক্তরাষ্ট্র এবং চীন আলাদাভাবে উল্লেখযোগ্য বাণিজ্যচুক্তিও করেছে। প্রযুক্তি পণ্যের ওপর থেকে শুল্ক দূর করার বিষয়ে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে দুপক্ষেই। যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের জন্য এ এক শুভসংবাদ বলেই মনে করছেন বিশ্লেষকরা।

পুরনো খবর:

অ্যাপেক সম্মেলন শুরু