২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপেক সম্মেলন শুরু

বিশ্বের অর্থনৈতিক পুনরুদ্ধারের বিষয়টিকে অস্থিতিশীল অভিহিত করে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগীতা জোট’র (অ্যাপেক) সদস্য দেশগুলোকে প্রবৃদ্ধি বাড়াতে অবাধ বাণিজ্য নিয়ে আলোচনার গতি আনার তাগাদা দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Nov 2014, 11:49 AM

Updated : 22 Aug 2022, 07:51 PM

মঙ্গলবার চীনের রাজধানী বেইজিংয়ে অ্যাপেক সম্মেলনের উদ্বোধনী ভাষণে তিনি এসব কথা বলেন।

অ্যাপেক জোট নেতাদের এই শীর্ষ সম্মেলনে শি বেইজিং প্রস্তাবিত ‘ফ্রি ট্রেড এরিয়া অব দি এশিয়া প্যাসিফিক’ (এফটিএএপি) বাণিজ্য উদারীকরণ পরিকল্পনা নিয়ে আলোচনা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, “বর্তমানে, বিশ্বের অর্থনৈতিক পুনরুদ্ধারের বিষয়টি অনেকগুলো অস্থিতিশীল ও অনিশ্চিত উপাদানের মোকাবিলা করছে। নতুন এই পরিস্থিতির মোকাবিলায়, আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা আমাদের আরো জোরদার করা এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য একে উন্মুক্ত করার একটি নকশা প্রণয়ন করা উচিত।”

“লক্ষ্য, গতিপথ এবং পরিকল্পনা নির্ধারণ করে যত দ্রুত সম্ভব এই ছবিকে বাস্তব রূপ দিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠায় আমাদের ঝাঁপিয়ে পড়া উচিত।”

অ্যাপেক নেতাদের অনুমোদনের জন্য উপস্থাপিত এফটিএএপি পরিকল্পনাকে অনেক বিশ্লেষক যুক্তরাষ্ট্র প্রস্তাবিত ‘ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ’ (টিপিপি) বাণিজ্য চুক্তির প্রসঙ্গ থেকে মনোযোগ সরানোর প্রচেষ্টা হিসেবে দেখছেন।

ভিয়েতনাম থেকে শুরু করে জাপান হয়ে চিলি পর্যন্ত বিস্তৃত অবাধ বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাবসম্বলিত ৮০ কোটি মানুষের টিপিপি অঞ্চল বিশ্বের ৪০ শতাংশ অর্থনীতির নিয়ন্ত্রক। কিন্তু এই পরিকল্পনায় চীনকে রাখা হয়নি।

অপরদিকে এই চুক্তিতে সই করলে বাজার খুলে দেয়ার জন্য যুক্তরাষ্ট্র চাপ সৃষ্টি করতে পারে এবং টিপিপি’র সদস্যদের মধ্যে বাণিজ্য সীমাবদ্ধ হয়ে আঞ্চলিক অন্যান্য অর্থনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকি বিবেচনায় চীনও টিপিপি’তে উৎসাহী নয়।

এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়াতে প্রেসিডেন্ট বারাক ওবামা টিপিপি’কে অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে ব্যবহার করতে চাইছেন, এমনটি ব্যাপকভাবেই মনে করা হয়। এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বৃহত্তর উপস্থিতি (সামরিকসহ) নিশ্চিত করে চীনের উত্থানকে ভারসাম্যে রাখাই টিপিপি উদ্যোগের উদ্দেশ্য বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ।

সোমবার শি’কে উদ্ধৃত করে বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছিল, এফটিএএপি বিরাজমান অবাধ বাণিজ্য চুক্তিগুলোর বিরোধী নয়, বরং এফটিএএপি’র লক্ষ্যের জন্য এগুলো সহায়ক ভূমিকা রাখবে।

শি বলেছেন, ২১ অর্থনীতির অ্যাপেক জোটের সহযোগী ভূমিকার ভিত্তিতে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে যোগাযোগ ও সম্মিলনের এক নতুন ধাপ উন্মোচনে সব বাধা ভেঙে এগিয়ে যাওয়া উচিত।

এই লক্ষ্যে সামর্থ্যের উন্নয়ন ও কাজ শুরু করার জন্য অ্যাপেকের জন্য ১ কোটি ডলার দেয়ার ঘোষণা দিয়েছে চীন।