আইএমএফ প্রধান লগার্ডের বিরুদ্ধে তদন্ত শুরু
ফ্রান্সের জালিয়াতির একটি মামলায় অবহেলার অভিযোগে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর প্রধান ক্রিস্টিন লগার্ডের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ফরাসি কর্তৃপক্ষ। তবে তার বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি।
২০০৮ সালে ব্যবসায়ী বার্নার্ড তাইপিকে ৪০ কোটি ইউরো ক্ষতিপূরণ দেয়ার বিষয়ে লগার্ড তার ভূমিকা নিয়ে কয়েকবার জেরার সম্মুখীন হয়েছেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজির আমলে অর্থমন্ত্রী ছিলেন লগার্ড। ২০০৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তাইপি সারকোজিকে সমর্থন দেন।
২০১১ সালের জুলাইয়ে আইএমএফ এর প্রধান হন লগার্ড। তার বিরুদ্ধে শুরু হওয়া তদন্তের ফলে আইএমএফ এ তার বাকী মেয়াদ পূর্ণ করা নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে। আইএমএফ এ লগার্ডের মেয়াদ শেষ হবে ২০১৬ সালে।
আইএমএফ প্রধানের পদ থেকে পদত্যাগ করার কোনো ইচ্ছা তার নেই বলে এরই মধ্যে জানিয়েছেন লগার্ড।
