ইউক্রেইনে ত্রাণ দেয়া নিয়ে চুক্তি হয়েছে: রাশিয়া
ইউক্রেইনে মানবিক ত্রাণবহর পাঠানো নিয়ে সব বাধাই দূর হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। তবে দেশের পূর্বাঞ্চলে সরকার ও বিদ্রোহীদের মধ্যে অস্ত্রবিরতি নিয়ে চুক্তির ব্যাপারে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি।
রোববার রাশিয়া, জার্মানি, ফ্রান্স এবং ইউক্রেইনের সঙ্গে আলোচনার পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, অবশেষে রাশিয়ার ৩শ’ ট্রাক মানবিক ত্রাণ পাঠানোর উদ্যোগ সংক্রান্ত ব্যাপারে সব প্রশ্নেরই সমাধান হয়েছে।
তিনি বলেন, বার্লিনে এক সংবাদ সম্মেলনে ইউক্রেইন এবং আন্তর্জাতিক রেডক্রস কমিটির সঙ্গে সবকিছুই চুক্তিবদ্ধ হয়েছে।
খাবার, পানি ও ওষুধসহ ২৮০ টি গাড়ির বহর নিয়ে রাশিয়া এবং ইউক্রেইনের মধ্যে বিরোধ ছিল।
কিয়েভের আপত্তির মধ্যেও এ গাড়িগুলো কয়েকদিন ধরে সীমান্তে দাঁড় করিয়ে রাখা ছিল। ত্রাণ সরবরাহের নামে রাশিয়া রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের হাতে অস্ত্র পৌঁছে দিতে পারে বলে আশঙ্কা কিয়েভের।
তবে মস্কো এ আশঙ্কা অমূলক বলে নাকচ করেছে। ল্যাভরভ পূর্ব ইউক্রেইন পরিস্থিতিকে মানবিক দিক থেকে বিপর্যয়কর বলে বর্ণনা করেছেন এবং বলেছেন, সাধারণ নাগরিকরা ইউক্রেইন বাহিনীর কাছ থেকে বোমা হামলার শিকার হওয়ায় অস্ত্রবিরতি হওয়া দরকার।
সাংবাদিকদের তিনি বলেন, “আমরা একটি অস্ত্রবিরতিতে পৌঁছানো এবং এ রাজনৈতিক প্রক্রিয়া শুরুর ব্যাপারে কোনো ইতিবাচক ফল জানাতে পারছি না”।
