ইউক্রেইন সীমান্তে রুশ ত্রাণবহর
পূর্ব ইউক্রেইনের যুদ্ধবিধ্বস্ত এলাকার জন্য রাশিয়ার পাঠানো ত্রাণের বহর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার সীমান্ত চৌকির কাছে পৌঁছেছে।
রোববার বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা না আসায় ত্রাণের গাড়িগুলো এখনো সীমান্ত অতিক্রম করেনি। কর্তৃপক্ষের কাছ থেকে এখনো নিরাপত্তার নিশ্চয়তা পাওয়া যায়নি বলে রেডক্রস কর্মকর্তারা জানিয়েছেন।
এইদিন বিদ্রোহী নিয়ন্ত্রিত লুহানস্ক শহরে সরকারি বাহিনীর একটি জঙ্গিবিমান গুলিকরে ভূপাতিত করা হয়েছে বলে কিয়েভের কর্মকর্তারা জানিয়েছেন। বিমানটির পাইলট নিরাপদে বেরিয়ে আসতে পেরেছে বলেও সেনাবাহিনী জানায়।
ইউক্রেইনের পূর্বাঞ্চলীয় কয়েকটি এলাকার নেতারা কেন্দ্রীয় শাসন থেকে নিজেদের মুক্ত ঘোষণা করার পর সেখানে সেনা অভিযান শুরু করে কিয়েভ সরকার। একদিকে রাশিয়া বিদ্রোহীদের পৃষ্ঠপোষকতা করছে, অন্যদিকে পাশ্চিমা বিশ্ব কেন্দ্রীয় সরকারের পক্ষে রয়েছে।
গত এপ্রিলে বিচ্ছিন্নতাবাদী অধ্যুষিত দোনেস্ক ও লুহানস্ক এলাকায় সেনা অভিযান শুরুর পর এ পর্যন্ত দুই হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে গণমাধ্যমের খবরে বলা হয়।
ওদিকে, সরকারি বাহিনী লুহানস্কে বিদ্রোহীদের কাছ থেকে আরেকটি পুলিশ স্টেশনের দখল নিয়েছে বলে জানিয়েছেন ইউক্রেইনের নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র অ্যান্ড্রি লেসাঙ্ক।
গত ২৪ ঘণ্টার যুদ্ধে সরকারি বাহিনীর হামলায় অন্তত ১০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে বিদ্রোহীরা।
রাশিয়া থেকে পাঠানো রকেট লঞ্চারবাহী একটি অস্ত্রের বহর ইউক্রেইনে প্রবেশ করেছে বলে জানান লেসাঙ্ক। একদিন আগে দুজন পশ্চিমা সাংবাদিকও একই তথ্য দিয়েছিল। তবে রাশিয়া বিদ্রোহীদেরকে নতুন করে অস্ত্র দেয়ার কথা অস্বীকার করেছে।
