ইরাক প্রশ্নে ইরান-যুক্তরাষ্ট্র এক সুর
জঙ্গি তৎপরতায় বিভক্ত ইরাকের নতুন প্রধানমন্ত্রী হিসেবে হায়দার আল-আবাদির নিয়োগকে সমর্থন দিয়েছে চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ যুক্তরাষ্ট্র ও ইরান।
এর আগে দেশটির আট বছরের প্রধানমন্ত্রী নুরি আল মালিকিকে সরানোর প্রশ্নে বৈরী সম্পর্কের দুই দেশের একই রকম সুর লক্ষ্য করা গিয়েছিল।
তাছাড়া, ইরাকে সুন্নি মতাবলম্বী ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের উত্থান ঠেকানোর প্রশ্নেও ওয়াশিংটন ও তেহরানের একমুখী অবস্থান লক্ষ্য করা গেছে।
তবে ইরাকে জঙ্গি ঠেকাতে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক তৎপরতার বিরোধিতা করেছে তেহরান।
গত জুনে উত্তর ইরাকের মসুল রাজ্যের দখল নেয়ার পর এখন দেশটির প্রায় এক তৃতীয়াংশ অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ইসলামিক স্টেট বাহিনী। দখলকৃত এলাকায় ‘খেলাফত’ নামে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে তারা।
ইরাকে সুন্নি জঙ্গি গোষ্ঠীর এ উত্থান এবং তাদের ঠেকাতে প্রশাসন ও সেনাবাহনীর অপারগতার জন্য প্রধানমন্ত্রী নুরি আল মালিকির পক্ষপাতমূলক রাজনীতিকে দায়ী করেছে ওয়াশিংটন। শিয়া মতাবলম্বী হওয়া সত্ত্বেও তাকে অপসারণের পক্ষে রায় দিয়েছে তেহরানের কর্মকর্তারাও।
মালিকির আট বছরের শাসনকালে তার অধীনে গড়ে ওঠা সেনাবাহিনী ও তার আস্থাভাজন হিসেবে পরিচিত শিয়া মিলিশিয়ারাও ক্ষমতার পরিবর্তন প্রক্রিয়ায় সমর্থন দিয়েছে। সমর্থন পাওয়া গেছে দেশটির সর্বোচ্চ শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী সিস্তানি, যিনি সাধারণত রাজনৈতিক বিষয়গুলো এড়িয়ে চলেন।
বাগদাদের রাজপথেও নতুন প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে মিছিল করেছে সাধারণ মানুষ। সাম্প্রদায়িক দাঙ্গা ও জাতিগত বিভক্তির অবসান চেয়েছে তারা।
সমস্যার সমাধানে মালিকিকে সরিয়ে ইরাকের জনগণকে ঐক্যবদ্ধ করতে পারবে এমন একজন নেতা বেছে নেয়ার জন্য দেশটির রাজনীতিবিদদের পরামর্শ দিয়ে গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
সর্বোচ্চ ধর্মীয় নেতা সিস্তানিও ‘রাজনৈতিক অনৈক্য ঠেকাতে মালিকির সরে যাওয়া উচিত’ এমন ইঙ্গিত দিয়ে একাধিক বক্তব্য দিয়েছেন।
মঙ্গলবার ইরাকে নব মনোনীত প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, “ইরাকের প্রধানমন্ত্রী মনেনীত করতে যে আইনসম্মত পথ অবলম্বন করা হয়েছে ইরান তাকে সমর্থন দেয়।”
ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, সংবিধান ও গণতন্ত্রে বিশ্বাসী ইরাকের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ ইরাক গড়তে এবং আশু সমস্যা (জঙ্গি) মোকাবেলায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আবাদি।
ইতোমধ্যেই নতুন একটি মন্ত্রিসভা গঠনের লক্ষ্যে আবাদি বড় দলগুলোর সঙ্গে আলাপ করা শুরু করেছেন বলে তার একজন ঘনিষ্ঠ সহকর্মী রয়টার্সকে জানিয়েছেন।
সোমবার নতুন প্রধানমন্ত্রী নিয়োগ নিয়ে প্রেসিডেন্টের উদ্যোগের সমালোচনা করে তা সংবিধান সম্মত হয়নি বলে দাবি করেছেন সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী নুরি আল মালিকি। তবে এরপর একদিন অতিবাহিত হলেও এ নিয়ে তেমন তৎপরতা দেখাননি তিনি।
