ইরাকে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা
ইরাকে প্রধানমন্ত্রী নূরি আল মালিকির জায়গায় নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ফুয়াদ মাসুম।
পার্লামেন্টের ডেপুটি স্পিকার হায়দার আল-আবাদিকে নতুন ব্যাপকভিত্তিক সরকার গঠনের আহ্বান জানিয়েছেন তিনি। শিয়া দলগুলো আবাদিকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দিয়েছে।
মালিকি এর আগেই ক্ষমতা হস্তান্তর না করার সুষ্পষ্ট ইঙ্গিত দিয়ে বাগদাদে বিশেষ বাহিনী মোতায়েন করেছেন।
কিন্তু প্রধানমন্ত্রী পদে আবাদির নাম ঘোষণার পর মালিকির কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে মালিকির জামাতা এবং ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী জানিয়েছেন, তিনি এ মনোনয়ন বাতিলের চেষ্টায় আদালতে যাবেন।
বাগদাদে প্রেসিডেন্ট ফুয়াদ মাসুম এক টিভি ভাষণে বলেন, আবাদি সরকার গঠনে সফল হবেন এবং ইরাকের জনগণকে রক্ষা করবেন বলেই আশা করেন তিনি।
ইরাকে বাড়তে থাকা জঙ্গি তৎপরতার মুখে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণার এ পদক্ষেপ নেন মাসুম।
মালিকি ২০০৬ সাল থেকে ইরাকের প্রধানমন্ত্রী থাকলেও পার্লামেন্ট কখনো তাকে তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকতে দিতে রাজি হয়নি। ইরাকে জঙ্গি তৎপরতার মুখে দেশের জনগণ এবং যুক্তরাষ্ট্রেরও সমর্থন হারিয়েছেন তিনি।
