করাচি বিমানবন্দরের কাছে ফের হামলা
একদিনের ব্যবধানে পাকিস্তানের করাচি বিমানবন্দরের কাছে এয়ারফোর্স সিকিউরিটি ফোর্স (এএসএফ) একাডেমিতে অতর্কিত হামলার চালিয়েছে তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)।
ডনের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সশস্ত্র সন্ত্রাসীরা ভারী অস্ত্র নিয়ে সেখানে হামলার পর নিরাপত্তা বাহিনী চতুর্দিক থেকে ঘটনাস্থলটি ঘিরে ফেলে। তবে এর মধ্যেও হামলাকারীরা পালিয়ে যায়।
এর আগে সোমবার করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে সশস্ত্র সন্ত্রাসীদের হামলা ও পাল্টা হামলায় ১০ জঙ্গিসহ ৩০ জন নিহত হন।
পাকিস্তানি তালেবান (টিটিপি) ওই দুই দিনের হামলায় দায় স্বীকার করেছে। পাক-আফগান সীমান্ত এলাকায় তালেবান জঙ্গিদের ওপর সরকারি বাহিনীর বিমান হামলার জাবাবে করাচিতে হামলাগুলো চালানো হয় বলে দাবি তাদের।
হামলার পর সেনাপ্রধান জেনারেল রাহিল শারীফ ও স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলী খানসহ সরকারের জ্যেষ্ঠ কর্তাব্যক্তিদের নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।
এদিকে সোমবার রাতের হামলায় কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর আবার বিমান চলাচল শুরু হয়েছে করাচির জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরে। নিয়মিত ফ্লাইটগুলো বিমানবন্দর ছেড়ে যাচ্ছে বলে কর্তৃপক্ষ দাবি করেছে।
পাকিস্তান সামরিক বাহিনীর মুখপাত্র আসিম বাজওয়া টুইটারে দাবি করেন, এয়ারফোর্স সিকিউরিটি ফোর্সের ভবনের তল্লাশি চৌকি থেকে অন্তত একশ মিটার দূরে একটি লেডিস হোস্টেলের কাছে হামলা হয়েছিল। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
“দুই থেকে চারজন জঙ্গি সেখানে ফাকা গুলি করে। নিরাপত্তা বাহিনীর কর্মীরা যাওয়ার আগেই তারা পালিয়ে।”
এদিকে মঙ্গলবারই পাক-আফগান সীমান্তবর্তী তিরাহ ভ্যালিতে বিমান হামলায় ২৫ সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছেন। খায়বার উপজাতীয় অঞ্চলে জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়।
