করাচিতে বিমানবন্দরে হামলা, নিহত ২৭
পাকিস্তানের করাচিতে জিন্নাহ্ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০ হামলাকারীও রয়েছেন।
রোববার রাতে এ হামলা চালানো হয়।
পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র অসীম বাজওয়ার বরাত দিয়ে ডন জানিয়েছে, হামলায় অংশ নেয়া সব জঙ্গিকে হত্যার পর বিমানবন্দর এলাকা নিরাপত্তা সদস্যরা নিয়ন্ত্রণে নিয়েছে।
হামলায় সাত নিরাপত্তা সদস্যসহ অন্তত ২৭ জন নিহত হয়েছেন, এদের মধ্যে হামলাকারী ১০ জঙ্গি রয়েছেন।
বাজওয়া বলেছেন, “দুটি এলাকায় জঙ্গিদের ঘিরে ফেলে হত্যা করা হয়েছে। এ সময় অস্ত্রশস্ত্র ও তাজা গুলি-বিস্ফোরক উদ্ধার করা হয়।”
হামলাকারী জঙ্গিদের কাছে ভারতে তৈরি স্বয়ংক্রিয় অস্ত্র, গ্রেনেড, বিস্ফোরক সজ্জিত জ্যাকেট ও রকেট লঞ্চার ছিল বলে এক রেঞ্জার কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে জিও নিউজ।
শেষ খবর পাওয়া পর্যন্ত জঙ্গিদের পরিচয় নিশ্চিত করা যায়নি এবং কোনো গোষ্ঠীও হামলার দায়িত্ব স্বীকার করেনি।
তবে সম্প্রতি পাকিস্তানের সরকারের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় তেহরিক ই তালেবান পাকিস্তান (টিটিপি) হামলাটি চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
হামলাকারীরা এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্সের (এএসএফ) জাল পরিচয়পত্র ব্যবহার করে বিমানবন্দর এলাকায় প্রবেশ করে বলে জানা গেছে।
তার বিমানবন্দরের প্রকৌশল বিভাগ এলাকায় প্রবেশ করে কাঁচ ভেঙে ফেলে ও গুলিবর্ষণ শুরু করে। এই এলাকায়ই এএসএফ সদস্যদের সঙ্গে তাদের প্রথম গুলি বিনিময় হয়।
কর্মকর্তারা জানিয়েছেন, জঙ্গিরা বিমানবন্দরের তিনটি অংশে অবস্থান নিয়ে হামলা শুরু করে। দুজন জঙ্গি একটি বিমানে ঢুকে পড়তে সক্ষম হয় বলেও খবর প্রকাশিত হয়েছে।
দুই ঘন্টা ধরে হামলা চলার সময় কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। একটি বড় ধরনের বিস্ফোরণের কিছুক্ষণ পর বিমানবন্দরের ওয়ার্কশপ এলাকায় আরেকটি ভারী বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর ৩০-৪০ মিনিট পর আরেকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।
হামলা চলাকালে বিমানবন্দরের আকাশ ঘন ধোঁয়ার কুণ্ডুলিতে আচ্ছন্ন ছিল। বিমানবন্দরের কার্গো টার্মিনালেও ওপরও ধোঁয়ার কুন্ডলি দেখা গেছে।
এ সময় বিমানবন্দরের ভেতর থেকে একটানা তীব্র গোলাগুলির শব্দ পাওয়া যায়।
হামলায় পিআইএ’র একটি ও এয়ারব্লু’র একটি বিমান ও একটি বিদেশি মালবাহী বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।
হামলা চলাকালে এক আত্মঘাতী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দিলে এক নিরাপত্তা সদস্য আহত হন।
ভোরে হামলাকারী সব জঙ্গি নিহত হলে পুরো বিমানবন্দরে ব্যাপক তল্লাশি চালানো হয়। এরপর উদ্ধারকারী দল এসে যাত্রী ও বন্দর কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
এদিকে জিন্নাহ্ বিমানবন্দর থেকে সব ধরনের বিমানের ওঠানামা স্থগিত করা হয়েছে এবং যেসব বিমানের এই বন্দরে অবতরণের কথা ছিল সেগুলোকে অন্য কোথাও অবতরণ করার নির্দেশ দেয়া হয়েছে।
