২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করাচি হামলায় তালেবানের দায় স্বীকার

করাচিতে জিন্নাহ্ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার দায়িত্ব স্বীকার করেছে পাকিস্তানি তালেবান (টিটিপি)।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Jun 2014, 11:43 AM

Updated : 25 Apr 2022, 04:17 PM

তালেবান মুখপাত্র শহিদুল্লাহ শহিদ জানিয়েছেন, “আমরাই এই হামলা চালিয়েছি। গ্রামে গ্রামে বোমা হামলা চালিয়ে নিরীহ মানুষদের হত্যার প্রতিক্রিয়ায় এটি পাকিস্তানি সরকারের প্রতি আমাদের অস্থিত্ব জানান দেয়ার বার্তা।”

দেশটির ব্যস্ততম বিমানবন্দরে চালানো এই ভয়াবহ হামলায় অন্ততপক্ষে ২৭ জন নিহত হন।

নিহতদের মধ্যে ১০ হামলাকারীও রয়েছেন।

রোববার রাতে এ হামলা চালানো হয়।

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র অসীম বাজওয়ার বরাত দিয়ে দ্য ডন জানিয়েছে, হামলায় অংশ নেয়া সব জঙ্গিকে হত্যার পর বিমানবন্দর এলাকা নিরাপত্তা সদস্যরা নিয়ন্ত্রণে নিয়েছে।

বাজওয়া বলেছেন, “দুটি এলাকায় জঙ্গিদের ঘিরে ফেলে হত্যা করা হয়েছে। এ সময় অস্ত্রশস্ত্র ও তাজা গুলি-বিস্ফোরক উদ্ধার করা হয়।”

হামলাকারী জঙ্গিদের কাছে ভারতে তৈরি স্বয়ংক্রিয় অস্ত্র, গ্রেনেড, বিস্ফোরক সজ্জিত জ্যাকেট ও রকেট লঞ্চার ছিল বলে এক রেঞ্জার কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে জিও নিউজ।