প্রেসিডেন্ট হলেন সিসি
মিশরের সাবেক সেনাপ্রধান আব্দেল ফাত্তা আল সিসি দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার সিসিকে দেশের নতুন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন।
মে মাসে তিনদিনে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে সিসি বিশাল জয় পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বামপন্থী প্রার্থী হামাদিন সাবাহি কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেননি।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের চেয়ারম্যান বিচারপতি অনোয়ার আল আসি বলেন, “প্রেসিডেন্ট পদপ্রার্থী আব্দেল ফাত্তা সায়িদ হুসেন খালিল আল সিসি ২ কোটি ৩৭ লাখ ৮০ হাজার ১০৪ ভোট পেয়েছেন, যা প্রদেয় ভোটের ৯৬ দশমিক ৯১ শতাংশ।”
সিসি’র একমাত্র প্রতিদ্বন্দ্বী সাবাহি ৭ লাখ ৫৭ হাজার ৫১১ ভোট পেয়েছেন, যা প্রদেয় ভোটের মাত্র তিন দশমিক ১ শতাংশ।
প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির ৫ কোটি ৩৯ লাখ ভোটারের মধ্যে আড়াই কোটিরও বেশি মানুষ নির্বাচনে ভোট দিয়েছেন। মোট ভোটারের মধ্যে ৪৭ দশমিক ৪৫ শতাংশ নির্বাচনে অংশগ্রহণ করেছেন।
