২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী সিসি

মিশরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রত্যাশিত জয় পেয়েছেন সাবেক সেনাপ্রধান আব্দেল ফাত্তা আল সিসি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 29 May 2014, 11:16 AM

Updated : 22 Aug 2022, 06:22 PM

দেশটির প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহামেদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর এটিই প্রথম প্রেসিডেন্ট নির্বাচন।

অস্ত্রের মুখে মুরসিকে ক্ষমতাচ্যুত করেন সিসি।

বৃহস্পতিবার দিনের শুরুতে প্রকাশিত বেসরকারি ফলাফলে তিনি ৯৩ দশমিক ৩ শতাংশ ভোট পেয়েছেন বলে বিচার বিভাগীয় সূত্রে জানা গেছে।

নির্বাচনে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বামপন্থী প্রার্থী হামদিন সাবাহি মাত্র ৩ শতাংশ ভোট পেয়েছেন। ৩ দশমিক ৭ শতাংশ ভোট বৈধ না হওয়ায় বাতিল করা হয়েছে।

সমর্থকরা সিসি’কে এমন একজন নায়ক হিসেবে চিহ্নিত করেছিলেন যিনি মিশরের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা এনে দিতে পারবেন।

কিন্তু নির্বাচনে জনগণ তেমন সাড়া না দেয়ায় নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে সিসি’র গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

বিজয়ের খবর প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই দেশটির রাজধানী কায়রোয় আঁতশবাজি ফুটিয়ে উল্লাস শুরু করে সিসি’র সমর্থকরা।

রাজধানীর ব্যস্ততম রাস্তায় মিশরীয় পতাকা উড়িয়ে ও গাড়ির হর্ন বাজিয়ে উৎসবের আবহ ছড়িয়ে দেয়।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত কায়রোর তাহরির স্কয়ারে বিজয় উৎসবে মত্ত ছিল তারা।

মিশরের শাসক হিসেবে সেনাপ্রধানদের যে ধারা চলে আসছে সিসি তার সর্বশেষ উত্তরাধিকার। শুধু ২০১২ সালের অবাধ নির্বাচনে মুসলিম ব্রাদারহুডের মোহাম্মদ মুরসির জয়ই এই ধারার একটু ব্যতিক্রম ঘটিয়েছিল।

ব্যাপক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সাবেক সেনাশাসক হোসনি মুবারকের ৩০ বছরের সেনাশাসন শেষ হওয়ার পর গণতন্ত্রের স্বপ্ন দেখেছিল মিশরীয়রা। দেশের ইতিহাসে স্বপ্নের মতো এক অবাধ নির্বাচনে বেসামরিক প্রেসিডেন্ট পাওয়ার মাধ্যমে সেই স্বপ্নের প্রায় কাছাকাছি চলে গিয়েছিল তারা।

কিন্তু গণতান্ত্রিকভাবে নির্বাচিত ইসলামপন্থী প্রেসিডেন্ট মুরসির শাসনেও সন্তুষ্ট হতে পারেনি তারা। মাত্র এক বছরেই দেশে নির্বাচিত প্রেসিডেন্টের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়ে যায়।

যার পথ ধরে সামরিক বাহিনী আবার ক্ষমতায় ফেরার পথ করে নেয়, আর কম সংখ্যক ভোটারের উপস্থিতিতে হওয়া নির্বাচনে সিসি’র নিরঙ্কুশ বিজয়ে সেই ক্ষমতা এখন আইনী বৈধতা পেল।