২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুসলিম ব্রাদারহুড খতম: সিসি

মিশরের আসছে প্রেসিডেন্ট নির্বাচনী জরিপে এগিয়ে থাকা প্রার্থী সাবেক সেনা প্রধান আব্দেল ফাত্তা আল সিসি মুসলিম ব্রাদারহুড সংগঠনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা বাতিল করে দিয়ে ওই সংগঠনের অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 May 2014, 11:56 AM

Updated : 25 Apr 2022, 04:08 PM

সোমবার মিশরের দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেল সিবিসি এবং ওএনটিভিকে দেয়া সাক্ষাৎকারে সিসি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আমি আপনাদের বলতে চাই মুসলিম ব্রাদারহুডকে আমি খতম করিনি। আপনারা, মিশরীয়রা, একে খতম করেছেন।”

২০১৩ সালের জুলাইয়ে মিশরের ইতিহাসে প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করেন সেনাপ্রধান জেনারেল সিসি। মুরসির শাসনের বিরুদ্ধে ব্যাপক গণবিক্ষোভের পথ ধরেই তাকে ক্ষমতাচ্যুত করা হয়।

মুসলিম ব্রাদারহুডকে সহিংস জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে জড়িত উল্লেখ করে সিসি অভিযোগ করেন, তাকে (সিসি) হত্যার দুটি ষড়যন্ত্র উদঘাটন করা হয়েছে।

সিসি বলেন, “দুইবার আমাকে হত্যার চেষ্টা করা হয়। আমি ভাগ্যে বিশ্বাস করি, আমি ভয় পাইনি।”

তিনি প্রেসিডেন্ট থাকাকালে ব্রাদারহুডের অস্তিত্ব বিলীন হয়ে থাকবে কিনা এমন প্রশ্নের উত্তরে সিসি বলেন, “হ্যাঁ, তা থাকবে।”

আগামী ২৬-২৭ মে মিশরের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। ওই নির্বাচনে সিসি সহজ জয় পাবেন বলে ধারণা করা হচ্ছে।

নির্বাচনে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বামপন্থী রাজনীতিবিদ হামদিন সাবাহি। যিনি ২০১২’র অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে তৃতীয় হয়েছিলেন। ওই নির্বাচনে জয়ী হয়ে মিশরের প্রেসিডেন্ট হয়েছিলেন মুসলিম ব্রাদারহুডের মোহামেদ মুরসি।

২০১১ সালে ব্যাপক গণঅভ্যুত্থানের মুখে মিশরের সাবেক সেনাশাসক হোসনি মুবারকের পতন হয়। তারপর থেকে রাজপথে বিক্ষুব্ধ মানুষের প্রতিবাদ ও রাজনৈতিক সহিংসতায় দেশটি অস্থির হয়ে আছে।

সমর্থকরা মনে করেন সিসি’ই সেই নেতা যিনি মিশরের পরিস্থিতি স্বাভাবিক করে দেশকে এগিয়ে নেয়ার বিষয়ে নেতৃত্ব দিতে পারবেন।