মিশরের প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন সিসি
অবশেষে মিশরের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন দেশটির সেনাপ্রধান আব্দেল ফাত্তা আল সিসি।
শনিবার রাজধানী কায়রোয় সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে জেনারেল সিসি বলেন, “দেশর জনগণের অনুরোধ এবং সেনাবাহিনীর সমর্থন পেলেই কেবল আমি নির্বাচনে লড়ব। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করছি।”
সিসি মিশরের নয়া সংবিধানের ওপর আসন্ন গণভোটে বিপুলভাবে অংশগ্রহণের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান বলে বিবিসি জানিয়েছে।
মঙ্গল ও বুধবার দেশটিতে ওই গণভোট অনুষ্ঠিত হবে।
দেশটির নয়া সংবিধান গণভোটে অনুমোদিত হলে তার ভিত্তিতে প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন অনুষ্ঠানের পথ খুলে যাবে।
মিশরের এই গণভোটে নিবন্ধিত ভোটারের সংখ্যা পাঁচ কোটির ওপরে।
সিসির এই ঘোষণার মধ্যদিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে তিনি দাঁড়াবেন কিনা তা নিয়ে আর কোনো প্রশ্ন রইল না।
এরআগে বিভিন্ন সংবাদমাধ্যমে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে সিসি প্রার্থী হতে পারেন বলে ধারণা প্রকাশ করা হয়েছিল।
চলতি বছরের এপ্রিলেই হতে পারে মিশরের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে তেমন কোনো উল্লেখযোগ্য শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায়, গত জুলাইয়ে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করা এই জেনারেলই হতে যাচ্ছেন মিশরের পরবর্তী প্রেসিডেন্ট, অন্তত তার মনোভাব সম্পর্কে মিশরীয়দের এমনই ধারণা।
মিশরকে বিরাজমান সঙ্কট থেকে টেনে তোলার জন্য একটি শক্ত হাত প্রয়োজন এমন যারা মনে করছেন সেই সব মিশরীয়দের ওপরও নির্ভর করছে সিসির প্রার্থিতা।
পার্লামেন্ট নির্বাচনের আগেই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, সেনাসমর্থিত অন্তর্বর্তী সরকার এমন ইঙ্গিত দেয়ার পর থেকেই সিসি’র মনোভাব সম্পর্কে ধারণা পরিষ্কার হয়ে যায়।
২০১২ সালে যেবার মুরসি প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে এক বছর ক্ষমতায় ছিলেন, সেই পর্বটি ছাড়া বরাবর মিশরের প্রেসিডেন্ট পদটি সামরিক বাহিনী থেকে আসা প্রার্থীদের নিয়ন্ত্রণে ছিল। তাই আসছে নির্বাচনেও সিসি জয়ী হতে যাচ্ছেন, এ বিষয়ে দ্বিমত করার লোক খুব কম।
