২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা প্রধানের পদ ছাড়লেন সিসি

মিশরের সেনা বাহিনীর প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ফিল্ড মার্শাল আবদুল ফাত্তাহ আল সিসি। দেশটিতে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে তিনি সেনা প্রধানের পদ ছাড়লেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2014, 12:40 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে সিসি বলেন, ‘সেনা পোশাকে এটাই আমার শেষ সময়।’

ভাষণে তিনি মিশর থেকে সন্ত্রাসবাদের মূলোৎপাটনের জন্য প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন বলে উল্লেখ করেন।

সিসির এই ঘোষণা প্রত্যাশিতই ছিল।

২০১৩ সালের জুলাইয়ে দেশটিতে প্রবল গণবিক্ষোভের পরিপ্রেক্ষিতে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত মুসলিম ব্রাদারহুডের মোহামেদ মুরসিকে প্রেসিডেন্ট পদ থেকে পদচ্যুত করেন সিসি।

বিবিসি বলছে, সিসি প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হবেন বলেই মনে করা হচ্ছে। কারণ তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন এবং নির্বাচনে তাকে চ্যালেঞ্জ জানানোর মতো শক্ত প্রতিদ্বন্দ্বী নেই।

মিশরের সশস্ত্র বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে গঠিত সুপ্রিম কাউন্সিলের সঙ্গে এক পরামর্শ সভার পর জেনারেল সিসি পদত্যাগের কথা ঘোষণা করেন।

৫৯ বছর বয়সী মিশরের সাবেক এই সেনাপ্রধান ২০১১ সাল থেকে দেশটিতে চলে আসা রাজনৈতিক জটিলতা ও অস্থিতিশীলতার অবসান ঘটাতে পারবেন বলে তার সমর্থকরা মনে করেন।

২০১১ সালে দেশটিতে আরব বসন্তের প্রভাবে গণআন্দোলনের মুখে তিন দশকেরও বেশি সময় মিশর শাসন করা সাবেক একনায়ক হোসনি মুবারক ক্ষমতা থেকে সরে দাঁড়ান।