২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পিং’ এলাকায় নেই নিখোঁজ বিমান

সাগরতলের যে জায়গা থেকে ‘পিং’ শব্দ সঙ্কেত শুনে মালয়েশিয়ার নিখোঁজ বিমানটির সন্ধান পাওয়ার ধারণা করা হচ্ছিল সেখানে আদৌ কিছু নেই, বলছে অস্ট্রেলিয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2014, 05:22 PM

Updated : 25 Apr 2022, 04:14 PM

ব্লুফিন-২১ রোবোট সাবমেরিন ওই এলাকায় সন্ধান চালিয়ে কিছুই পায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা।

অস্ট্রেলিয়ার উত্তর-পশ্চিম উপকূলের ১৬০০ কিলোমিটার এলাকার কাছে বেশ কয়েকটি ‘পিং’ শব্দ সঙ্কেত শুনতে পেয়ে এটিকে নিখোঁজ বিমানের ব্ল্যাক বক্স থেকে আসা সঙ্কেত মনে করে গত মাসে সেখানে অনুসন্ধান চালানো হয়।

কুয়ালালামপুর থেকে বেইজিংগামী মালয়েশিয়া এয়ারলাইন্সের উড়োজাহাজটি গত ৮ মার্চ ২৩৯ জন আরোহী নিয়ে নিখোঁজ হওয়ার পর স্যাটেলাইটে পাওয়া তথ্য বিশ্লেষণ করে কর্মকর্তারা বলেছিলেন, অস্ট্রেলিয়ার পার্থ শহর থেকে উত্তর-পশ্চিমে ভারত মহাসাগরে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

কিন্তু এলাকাটিতে অনুসন্ধান চালিয়ে বিমানের কোনো চিহ্নই খুঁজে পাওয়া যায়নি। কোথায় বিমানটি হারিয়েছে তারও কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

ওই ‘পিং’ শব্দ সঙ্কেতগুলো কিসের তা জানেন না বলে জানিয়েছেন ‘দ্য অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো’ (এটিএসবি) প্রধান মার্টিন ডোলান। সঙ্কেতগুলো আরো ভালোভাবে বোঝার চেষ্টা চলছে বলে জানান তিনি।

সিএনএন জানায়, ‘পিং’ শব্দটি কোনো জাহাজের কিংবা ‘পিং’ সঙ্কেত চিহ্নিতকারী যন্ত্রের শব্দও হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর উপ-পরিচালক মাইকেল ডিন।

‘জয়েন্ট এজেন্সি কো অর্ডিনেশন-সেন্টার’ (জেএসিসি) থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “গতকাল বিকালে ব্লুফিন-২১ এপ্রিলের শুরুর দিকে পিং সঙ্কেত সনাক্ত হওয়া এলাকার বাদবাকী অংশে অনুসন্ধানকাজ শেষ করেছে। অনুসন্ধানী তথ্য বিশ্লেষণ করে বিমানটির ধ্বংসাবশেষের কোনো চিহ্নই পাওয়া যায়নি”।

এ মুহূর্তে অনুসন্ধানী তথ্য পর্যালোচনাসহ বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করে সমুদ্রস্তর এলাকায় বিমানটি খোঁজাখুঁজির ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।

এর আগে তল্লাশি অভিযান চলার সময় প্রতিধ্বনি পদ্ধতিতে সাগরতলে শব্দ পাঠিয়ে এক ধরনের ফিরতি শব্দ পেয়েছিলেন বিশেষজ্ঞরা। পর পর ফিরে আসা চারটি শব্দকে নিখোঁজ বিমানের ব্ল্যাক বক্সে থেকে আসা বলে ধারণা করা হচ্ছিল।

ওই শব্দ সংকেতের ওপর ভিত্তি করেই ব্লুফিন-২১ সাবমেরিন দিয়ে চালানো হয় আরো বেশ কয়েকটি তল্লাশি।

অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী ওয়ারেন ট্রেসার বলেন, সেই সময় পাওয়া তুলনামূলক নির্ভরযোগ্য ও বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতেই অভিযানটি চালানো হয়েছিল।

‘যে তরঙ্গ সঙ্কেতের ওপর ভিত্তি করে সাবমেরিন অভিযান চলেছে সে সঙ্কেত মানুষ্য সৃষ্ট অন্য কোনোকিছু থেকে এসে থাকতে পারে’- বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কর্মকর্তা সিএনএন এর কাছে একথা বলার পরই সম্মিলিত তল্লাশি দলের পক্ষে থেকে নতুন ওই ঘোষণা এল।

ওদিকে, চীনের একটি জাহাজ সমুদ্র তলদেশের একটি মানচিত্র তৈরি করা শুরু করেছে; যা শেষ হতে অন্তত তিনমাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নতুন নতুন সন্দেহ

নিখোঁজ মালয়েশিয় বিমানটিকে এক সামরিক মহড়ার সময় গুলি করে ভূপাতিত করা হয়েছিল, যা পরে ঝামেলা এড়ানোর স্বার্থে এড়িয়ে যান মহড়ায় অংশ নেয়া সেনারা। যুক্তরাজ্যভিত্তিক অ্যাংলো-আমেরিকান সাংবাদিক নাইজেল ক্যাথর্ন-এর সম্প্রতি প্রকাশিত গ্রন্থ ‘ফ্লাইট এমএইচ৩৭০: দ্য মিস্ট্রি’ তে এমন দাবি করা হয়।

মাইক ম্যাকে নামের প্রত্যক্ষদর্শী এক তেল শ্রমিকের বরাত দিয়ে বইতে বলা হয়, গত ৮ মার্চ একটি বিমান নির্ধারিত সিগনাল লাইন থেকে সরে যাওয়ার পর সেনারা এটিকে গুলি করে ভূপাতিত করে।

ওই সময় দক্ষিণ চীন সাগরে একক ও যৌথসহ কয়েকটি দেশের মহড়া চলছিল। থাইল্যান্ড-যুক্তরাষ্ট্রের মহড়া ছাড়াও চলছিল চীন, জাপান, ইন্দোনেশিয়াসহ আরো কয়েকটি দেশের মহড়া।

মালয়েশিয় বিমানটি নিখোঁজ হওয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’র যোগসূত্রের সন্দেহ প্রকাশ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

সিআইএ’র পাশাপাশি উড়োজাহাজটির নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং বিমানটির বিষয়ে তথ্য গোপন করছে বলে নিজের সন্দেহের কথাও ব্লগে প্রকাশ করেন তিনি।

পুরনো খবর:

নিখোঁজ বিমান নিয়ে নতুন তত্ত্ব
বিমান নিখোঁজে সিআইএকে সন্দেহ মাহাথিরের