২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজীব গান্ধী হত্যা: কমল ৩ আসামীর দণ্ড

ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিন ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ রহিত করে তাদের আজীবন কারাভোগের নির্দেশ দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2014, 03:20 PM

Updated : 22 Aug 2022, 05:44 PM

এনডিটিভি বলছে, মঙ্গলবার আসামীদের সাজা পরিবর্তনের এ নির্দেশ ঘোষণা করে আদালত।

ক্ষমা ভিক্ষা আবেদনের নিষ্পত্তির জন্য ১১ বছর দেরি হওয়ার সময়টি আসামীদের জন্য কষ্টদায়ক ছিল না বলে সরকার পক্ষের দাবিও এ সময় খারিজ করে দেয় আদালত।

যদি তামিলনাডু সরকার তাদের ক্ষমা করে তবে অভিযুক্ত সাঁথন, মুরুগন ও পেরারিভালন মুক্তিও পেতে পারেন বলে আদালতের রুলে জানানো হয়।

চলতি বছরের মে মাসে ভারতের জাতীয় নির্বাচনের আগে এ রায় দেশটির রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

ওই তিন ব্যক্তির ফাঁসির দণ্ড রহিত করার রায় দেয়ার সময় ভারতের প্রধান বিচারপতি পি সদাশিভমের নেতৃত্বাধীন বেঞ্চ বলেন, “প্রেসিডেন্টের ক্ষমতায় হস্তক্ষেপ করা এই আদালতের জন্য সুখকর কোনো বিষয় নয়। ক্ষমা ভিক্ষার আবেদন যত দ্রুত সম্ভব নিষ্পত্তি করা উচিত, প্রেসিডেন্টকে এই পরামর্শ দেয়ার জন্য আমরা সরকারের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।”

অভিযুক্তরা ক্ষমা পাওয়ার যোগ্য নয়, দেশটির সরকারের এ অভিমত গ্রহণ করেনি আদালত।

ভারতের অ্যাটর্নি জেনারেল গুলাম ভাহানভাতি বলেছেন, “অভিযুক্তদের ক্ষমা ভিক্ষার আবেদনে তারা অপরাধবোধ করছে, এমন একটি শব্দও ছিল না। ক্ষমা ভিক্ষার আবেদন নিষ্পত্তির বিলম্বে তারা মানসিক যন্ত্রণা, অত্যাচার ও অমানবিক কোনো পরিস্থিতিতে পড়েনি।”

সরকারি আইনজীবীরা ক্ষমা ভিক্ষার আবেদন নিষ্পত্তি বিলম্বে অভিযুক্তরা কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তা প্রমাণ করার আর্জি জানালেও আদালত তা বাতিল করে দেয়।

আদালতের এই রায়ের পর অভিযুক্তদের আইনজীবী যুগ চৌধুরী এনডিটিভিকে বলেন, “এটি খুব বিবেচনাপ্রসূত এবং মানবিক বিচার, এটি আমাদের দেশ থেকে মৃত্যুদণ্ড তুলে দেয়ার পথ প্রশস্থ করবে।”

পুরনো খবর:

রাজীব গান্ধী হত্যা: ৩ আসামির সাজা কমল