২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজীব গান্ধী হত্যা: ৩ আসামির সাজা কমল

ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া তিন আসামির সাজা কমিয়ে আজীবন কারাবাসের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2014, 01:43 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

সুপ্রিম কোর্টের প্রধানবিচারপতি পি সদাশিভমের নেতৃত্বাধীন বেঞ্চ মঙ্গলবার এই রায় ঘোষণা করে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এ মামলার তিন আসামি সাঁথন, মুরুগন ও পেরারিভালন এর আগে ক্ষমা প্রার্থনা করলেও বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় তারা মৃত্যুদণ্ডের সাজা কমানোর এই আবেদন করেছিলেন।

রায়ে সুপ্রিম কোর্ট বলেছে, ক্ষমা প্রার্থনার বিষয়টি ১১ বছর ধরে ঝুলিয়ে রাখা তামিলনাড়ু সরকারের উচিৎ হয়নি। সরকার এখনো তিন আসামিকে ক্ষমা করতে পারে এবং সেক্ষেত্রে তারা মুক্তিও পাবে।

১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুতে নির্বাচনী প্রচারের সময় আত্মঘাতী বোমা হামলায় নিহত হন কংগ্রেস নেতা রাজীব গান্ধী।

ওই ঘটনায় ১৯৯৮ সালে তিন আসামিকে মৃত্যুদণ্ড দেয় আদালত। আসামিরা ওই রায়ের বিরুদ্ধে আপিল করলেও ফাঁসির আদেশ বহাল থাকে।

এরপর আসামিরা ২০০০ সালে সরকারের কাছে ক্ষমাপ্রার্থণা করলেও ১১ বছর তা ঝুলে থাকে।