এনএসএর নজরদারি অসাংবিধানিক: যুক্তরাষ্ট্রের আদালত
টেলিফোনে আঁড়ি পাতা ও নজরদারির যে কার্যক্রম যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) চালিয়ে আসছে, তাকে ‘অসাংবিধানিক’ ঘোষণা করেছে দেশটির একটি আদালত।
ওয়াশিংটন ডিসি ফেডারেল আদালতের বিচারক রিচার্ড লিওন সোমবার এক আদেশে বলেন, এনএসএর এই কর্মকাণ্ড ‘অযৌক্তিক’ এবং ‘বেআইনি’।
কেবল যুক্তরাষ্ট্রে নয় বিভিন্ন দেশের শীর্ষ ব্যক্তি ও প্রতিষ্ঠানে এই নজরদারির কারণে যুক্তরাষ্ট্র সরকার যখন সারা বিশ্বে সমালোচনার মুখে, তখনই আদালতের এই রায় এলো।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেন এই নজরদারির নথি ফাঁস করে দেয়ার পর এনএসএর এই নিয়মভাঙার বিষয়টি নজরে আসে।
ফাঁস করা নথি থেকে জানা যায়, গত দুই বছরে বিপুল সংখ্যক টেলিফোন নম্বর, ফোন কলের সময় ও তারিখসহ বিভিন্ন তথ্য এনএসএ সংগ্রহ করেছে। এভাবে কয়েক হাজার বার তারা যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত গোপনীয়তা আইন লঙ্ঘন করেছে। প্রাতিষ্ঠানিক আইনি সীমাও তারা মানেনি।
যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয় বলছে, তারা আদালতের আদেশ ও এনএসএর তথ্য সংগ্রহের পদ্ধতি বিশ্লেষণ করে দেখছে।
ল্যারি ক্লেম্যান নামের এক ব্যক্তি এনএসএর কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে মামলা করার পর ওয়াশিংটনের ফেডারেল আদালতের এই আদেশ এলো।
ল্যারি ক্লেম্যান ভেরিজন মোবাইল ফোন ব্যবহার করেন। আর এনএসএ ভেরিজনসহ যুক্তরাষ্ট্রের প্রায় সব কোম্পানির কাছ থেকেই গ্রাহকদের তথ্য চায়।
আদেশে বিচারক বলেন, এভাবে তথ্য খুঁজতে গিয়ে এনএসএ নাগরিকদের ব্যাক্তিগত গোপনীয়তা ভঙ্গের ওপর আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে।
আদালত এনএসএর নজরদারি কার্যক্রমের ওপর অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা দিলেও সরকারকে আপিলের সুযোগ দিতে তা স্থগিত রেখেছে।
আদালতের আদেশের পর ঘনিষ্ঠ এক সাংবাদিকের মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে স্নোডেন বলেছেন, “আমার বিশ্বাস ছিল, এনএসএর এই কার্যক্রম আদালতে গেলে বৈধতা পাবে না।… গোপন এক আদালতের অনুমোদন নিয়ে অতি গোপনে যে নজরদারি চালানো হচ্ছিল, আজ দিনের আলোয় প্রমাণ হলো, তা আমেরিকানদের অধিকার খর্ব করছে।”
অনেক নাটকীয়তার পর যুক্তরাজ্য ও হংকং ঘুরে কয়েক মাস আগে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় পান স্নোডেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি সেখানেই আছেন।
স্নোডেন তথ্য ফাঁস বন্ধ করতে রাজি হলে তার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা হতে পারে- এমন একটি খবর চার দিন আগে গণমাধ্যমে এলেও তেমন সম্ভাবনা ইতোমধ্যে নাকচ করেছে হোয়াইট হাউজ।
