গুপ্তচরবৃত্তির বিরুদ্ধে ওয়াশিংটনে বিক্ষোভ
যুক্তরাষ্ট্র সরকারের অনলাইন নজরদারি কর্মসূচির বিরুদ্ধে ওয়াশিংটনের ক্যাপিটল হিলে শনিবার বিক্ষোভমিছিল করেছে প্রতিবাদকারীরা।
সাবেক সিআইএ কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের দেয়া নথিতে এ গুপ্তচরবৃত্তির তথ্য ফাঁস হয়ে যায়।
‘গণগুপ্তচরবৃত্তি বন্ধ করুন’, ‘ধন্যবাদ, এডওয়ার্ড স্নোডেন’ লেখা প্রতীক নিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ)’র অনলাইন নজরদারি কর্মসূচি নিয়ে ক্যাপিটলের পাদদেশে সমবেত হয় তারা।
প্রতিবাদ মিছিলে অংশ নেয়া মানুষের সংখ্যায় হেরফের ছিল। আলোচকরা ২ হাজার মানুষের অংশ নেয়ার কথা বলেছেন।
নাগরিকদের ওপর সরকারের গুপ্তচরবৃত্তি অবৈধ আখ্যা দিয়ে রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিরাও বিক্ষোভে অংশ নেয়।
এক বিক্ষোভকারীর উক্তি “আমি নিজেকে একজন কনজারভেটিভ বলে মনে করি এবং কোনো কনজারভেটিভই চায় না সরকার তাদের ওপর গোয়েন্দাগিরি করে তথ্য সংগ্রহ করুক, তা সংরক্ষণ করুক কিংবা ব্যবহার করুক”।
“গত কয়েকমাসে আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের অজান্তে ব্যাপকহারে নজরদারি এবং গোপনীয়তা ভঙ্গের বিষয়টি নিয়ে এত বেশি কিছু শুনেছি যে এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলার জন্য কংগ্রেসকে বলা প্রয়োজন,” বলেন আরেক বিক্ষোভকারী।
বিক্ষোভের আয়োজন করে ‘স্টপ ওয়াচিং আস’ নামের একটি জোট। এ জোটে আছে ‘আমেরিকা সিভিল লিবার্টিস ইউনিয়ন’ প্রাইভেসি গ্র“প ইলেক্ট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন, অকুপাই ওয়াল স্ট্রিট এনওয়াইসি’ এবং লিবার্টেরিয়ান পার্টিসহ ১শ’ টি সরকারি অ্যাডভোকেসি গ্র“প ও কোম্পানি।
স্নোডেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দাগিরির তথ্য ফাঁসের পর থেকেই এ গোষ্ঠীগুলো কংগ্রেসকে এনএসএ’র গোপন অনলাইন তথ্য সংগ্রহের আইনি কাঠামো সংস্কারের আহ্বান জানিয়ে আসছে।
